Skip to main content

Mufti Saeed

৩ সূরাহ আ-ল ই’মরান

আ-ল অর্থ পরিবার আর ই’মরান একজন ব্যক্তির নাম। সুতরাং আ-ল ই’মরান অর্থ ই’মরানের পরিবার। ঈসা আঃ’র মায়ের নাম ছিল মারইয়াম আর মারইয়াম আঃ’র বাবার নাম ছিল ই’মরান। এখানে ই’মরান পরিবার বলে তার পরিবারকে-ই বুঝানো হয়েছে। সূরাহটি মাদানী। সূরাহ আনফালের পর নাযিল হয়েছে। সূরাহ আ-ল ই’মরানে মোট আয়াত সংখ্যা ২০০টি। 

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 

الم (1) اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ (2) نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَأَنْزَلَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ (3) مِنْ قَبْلُ هُدًى لِلنَّاسِ وَأَنْزَلَ الْفُرْقَانَ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ (4) إِنَّ اللَّهَ لَا يَخْفَىٰ عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ (5) هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ ۚلَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (6)

 


বিসমিল্লাহি-র-রাহ’মানি-র-রাহী’ম


একমাত্র আল্লাহর বিধান-ই সঠিক, এছাড়া বাকি সব মানব রচিত ও মনগড়া 

১. আলিফ লা-ম মীম (এসব বিচ্ছিন্ন বর্ণমালা। এসবের অর্থ, মর্ম আর এভাবে ব্যবহারের উদ্দেশ্য কেউ জানে না আল্লাহ ছাড়া।)



২. আল্লাহ; নেই কোনো ইলাহ তিনি ছাড়া, (তিনি) চিরঞ্জীব এবং চিরন্তন।


 

৩-৪. (হে নবী!) আল্লাহ তোমার উপর কিতাব (আল-কুরআন) নাযিল করেছেন যথাযথভাবে /সঠিক বিধান দিয়ে, যা আগেকার (কিতাব, নবী, রাসূল ও শারীয়া’হসহ অন্যান্য) বিষয়াদিকে সত্যায়ন করে। ইতোপূর্বেও তিনি নাযিল করেছেন তাওরাত ও ইনজীল। আর (এসব কিতাবে) নাযিল করেছেন ফুরক্বান (তথা ভাল-মন্দ, সৎ-অসৎ এবং বৈধ-অবৈধ নির্ণয়ের নীতিমালা। আল্লাহর কিতাবে বর্ণিত বিধান-ই সঠিক। এবং এছাড়া বাকি সব মানব রচিত ও মনগড়া। সকল প্রকার মনগড়া বিধান ও নীতিমালা বর্জন করা এবং আল্লাহর বিধান মেনে চলা সকলের উপর ফরজ আর এসব অমান্য করা কুফর) যারা আল্লাহর বিধান অমান্য করে তাদের তরে কঠিন আযাব। আল্লাহ মহাপরাক্রমশালী (তাই আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, আল্লাহ্‌) প্রতিশোধ গ্রহণকারী। 

 

৫. আসমান বা যমীনের কোনো কিছু-ই আল্লাহর অগোচরে নয়।


৬. (হে মানুষ! মনে রেখো!) তিনি তোমাদের আকৃতি গঠন করেন মাতৃগর্ভে যেমন করে চেয়েছেন। নেই কোনো ইলাহ তিনি ছাড়া, তিনি মহা-পরাক্রমশালী, মহাকৌশলী।        


هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ (7)



মুহকাম ও মুতাশাবিহ 

৭. (হে নবী!) তিনি তোমার উপর যে কিতাব নাযিল করেছেন এর কিছু আয়াত মুহকাম (তথা বিধান সম্বলিত) এবং এগুলোই কিতাবের মূল। আর কিছু মুতাশাবিহ। যাদের অন্তর রোগাক্রান্ত তারা (কেউ কেউ) ফিতনাহ করার জন্য আর (কেউ কেউ) মর্ম উদ্ঘাটনের জন্য মুতাশাবিহ আয়াতের পিছু ছুটে। আসলে এসবের মর্ম কেউ জানে না আল্লাহ ছাড়া। আর যারা জ্ঞানে পরিপক্ষ তারা বলেঃ আমরা এসব মেনে নিয়েছি। সব-ই প্রভুর পক্ষ থেকে আগত। (হে মানুষ! জেনে রাখো!) কেবল জ্ঞানী লোকেরাই (আল্লাহর বিধান) গ্রহণ করে থাকে।


জ্ঞাতব্যঃ মানার ব্যাপারে আল-ক্বুরআনের আয়াত সমূহ দুই ধরনের হয়ে থাকে। যথাঃ মুহকাম ও মুতাশাবিহ। 


মুহকামঃ বিধান সম্বলিত সুস্পষ্ট আয়াতকে মুহকাম বলা হয়। আল-কুরআন আমাদের জীবন বিধান। তাই মুহকাম আয়াত সমূহ-ই আল-ক্বুরআনের মূল বিষয়। মুহকাম আয়াত বিধান ও আইন সম্পর্কিত। 


মুতাশাবিহঃ আল-ক্বুরআনের কিছু আয়াত একাধিক অর্থ সম্বলিত ও ব্যাখ্যা নির্ভর। এসব আয়াতের সঠিক মর্ম উদ্ঘাটন খুব-ই কঠিন। কারণ মহান আল্লাহ এসবের মর্ম কাউকে বাতলে দেননি। বিশ্লেষণের মুখাপেক্ষী এসব আয়াতকে মুতাশাবিহ বলা হয়।


আমাদের করনীয়ঃ এ ব্যাপারে আমাদের করনীয় হচ্ছে মুহকাম আয়াত সমূহ মেনে নেয়া এবং এসব আয়াতে বর্ণিত আইন ও বিধান মেনে চলা। এটা আমাদের ফরজ দায়িত্ব। মুহকাম আয়াত অমান্য করা কুফর। মুহকাম আয়াত না মানলে ঈমান নষ্ট হয়ে যায়। তখন ইবাদাত বন্দেগী কিছু-ই কবুল হয় না, সব নিস্ফল ও বরবাদ হয়ে যায়। 


আর মুতাশাবিহ আয়াত সমূহে যথাযথ বিশ্বাস রেখে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ না করে এভাবে-ই ছেড়ে দিতে হয়। এটা-ই নিয়ম, এটা-ই আল্লাহর হুকুম ও নবীর তরিকাহ। কিন্তু কিছু মানুষ এসব নিয়মনীতির তোয়াক্কা না করে মুতাশাবিহ আয়াতের পিছু ছুটে। মানুষ মুতাশাবিহ আয়াতের পিছু ছুটে দুই কারণে.. 

  • মর্ম উদ্ঘাটনের জন্য
  • ফিতনাহ করার জন্য।

পরিণামঃ যারা মর্ম উদ্ঘাটনের জন্য মুতাশাবিহ আয়াতের পিছু ছুটে তারা পন্ডুশ্রমী। তারা কোনোদিন সফল হবে না। কারণ আল-ক্বুরআন আল্লাহর কালাম। এর সঠিক ব্যাখ্যা শুধু আল্লাহর-ই জানা। আর এসব আয়াতের ব্যাখ্যা যেহেতু আল্লাহ থেকে পাওয়া যায়নি তাই হাজারো চেষ্ঠা করেও এর সঠিক মর্ম উদ্ঘাটন সম্ভব নয়। তবে বিভ্রান্ত ও বিকৃতমনের লোকেরা এসব আয়াতের নানা ব্যাখ্যা উপস্থাপন করে লোকজনকে বিভ্রান্ত করে থাকে। আর আল্লাহর রহমত ও হেদায়ত বঞ্ছিত লোকেরা এদের অনুকরণ করে বিভ্রান্ত হয়।


আসল কথা হল যেসব আয়াতের সাথে মানবজীবনের কোনো আইন বা বিধান সম্পৃক্ত নয় এবং যেসব আয়াতের সঠিক মর্ম উদ্ঘাটন সম্ভব নয়, এমন আয়াত নিয়ে যারা পান্ডিত্য জাহির করেন তাদের অন্তর রোগাক্রান্ত, তারা মানুষকে বিভ্রান্ত করে থাকেন। তাই এসব বিকৃতমনাদের বর্জন করা একান্ত আবশ্যক। বর্ণিত হচ্ছে..

 

আ’ইশাহ রাঃ বলেনঃ রাসূল সাঃ একদা উক্ত আয়াত তিলাওয়াত করলেন। তারপর বললেনঃ যারা মুতাশাবিহ আয়াতের পিছু ছুটে এদের বর্জন করবে। মনে করবে (“যাদের অন্তর রোগাক্রান্ত” বলে) আল্লাহ এদের কথা-ই বলেছেন। (তাফসীর কুরতুবীঃ উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে। মুসলিম)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚإِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (8) رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ (9)


হেদায়াতের দোয়া 

৮. (আমরা আল্লার বান্দা। আল্লাহ আমাদের মালিক। তাই আমাদের উচিত বিভ্রান্তি থেকে বাঁচার জন্য এবং জীবনের নানা প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করা। যেমন) হে রাব্ব! তুমি-ই আমাদের সঠিক পথ দেখিয়েছ, সুতরাং এরপর আমাদের অন্তরকে বিচ্যুত করে দিও না। তুমি নিজ কৃপায় আমাদের করুণা কর। নিশ্চয় তুমি মহান দাতা। 

৯. হে রাব্ব! একদিন তুমি সবাইকে একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই। (কারণ এটা-ই তোমার ওয়াদা। আর জেনে রাখো!) আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। 

إِنَّ الَّذِينَ كَفَرُوا لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللَّهِ شَيْئًا وَأُولَٰئِكَ هُمْ وَقُودُ النَّارِ (10) كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَّبُوا بِآيَاتِنَا فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ (11) قُلْ لِلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ ۚ وَبِئْسَ الْمِهَادُ (12)


কুফরের পরিণতি

১০-১১. (দুনিয়ার জীবনে) যারা কুফর করবে (আখেরাতে) তাদের সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না। (তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়, ফলে আখেরাতের অনন্ত জীবনে) তারা জাহান্নামের ইন্ধন হবে (এটা-ই পাপিষ্ঠদের চূড়ান্ত পরিণতি।) যেমন পরিণতি হয়েছে ফেরাউন সম্প্রদায় ও তাদের পূর্বসূরীদের। তারা আল্লাহর বিধান অমান্য করেছিল। তাই পাপের পরিণতিতে আল্লাহ তাদের পাকড়াও করেছেন। (হে মানুষ! জেনে রাখো!) আল্লাহ শাস্তি দানে কঠোর। 


১২. কাফিরদের বলে দাওঃ অচিরেই তোমরা পরাজিত হবে, তোমরা জাহান্নামে একত্রিত হবে, যা নিকৃষ্টতম আবাস।

 

ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। 


যে কোনো প্রকার কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কোনো মুসলমান কোনো প্রকার কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়। সে হয়ে যায় চির জাহান্নামী। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪)

 

قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُمْ مِثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِأُولِي الْأَبْصَارِ (13)

 

মুঅমিন ও কাফিরের লড়াই 

১৩. (বদর যুদ্ধের প্রাক্কালে) যে দুটি দল পরস্পরের মোকাবিলা করেছিল তাদের মাঝে শিক্ষা রয়েছে তোমাদের জন্য। এদের একদল (ছিল মুঅমিন, তারা) যুদ্ধ করেছিল আল্লাহর পথে আর অন্যরা ছিল কাফির, যারা প্রত্যক্ষ দৃষ্টিতে তাদেরকে দ্বিগুন দেখেছে। আল্লাহ তার সাহায্যে শক্তি যোগান যাকে খুশী। এতে শিক্ষা রয়েছে বিচক্ষন লোকদের জন্য। 

 


زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَٰلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ (14)


দুনিয়ার মোহ

১৪. মানুষের জন্য আকর্ষনীয় করে দেয়া হয়েছেঃ নারীর প্রতি কামনা, সন্তান-সন্ততি, সোনারূপার ভান্ডার, বাছাইকৃত ঘোড়া, গৃহপালিত পশু, ফসলের মাঠ, (ইত্যাদি)র মোহ। (শোনো!) এসব হল (ক্ষণস্থায়ী) দুনিয়ার সামান্য উপকরণ। আর (চিরস্থায়ী জীবনের) উৎকৃষ্ট আবাস রয়েছে শুধু-ই আল্লাহর কাছে। 

 

 

قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَٰلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ (15)


জান্নাত কাদের জন্য..?

১৫. (হে নবী! তাদের) জিজ্ঞেস করঃ তোমাদের জানিয়ে দেব কী (যে দুনিয়ার জন্য তোমরা দ্বীন বিমুখ হয়ে যাচ্ছ) এসবের চেয়ে অধিক উৎকৃষ্ট কি? (এসবের চেয়ে অধিক অধিক উৎকৃষ্ট হচ্ছে জান্নাত। আর এ) জান্নাত আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে শুধু-ই মুত্তাক্বীদের জন্য, যার তলদেশে প্রবাহিত কত নহর। তারা সেখানে চিরকাল থাকবে। থাকবে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ আর আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বান্দাদের প্রত্যক্ষ করেন। 


জ্ঞাতব্যঃ মুত্তাক্বী শব্দটি এসেছে তাক্বওয়া থেকে আর তাক্বওয়ার মূল শব্দ বিক্বায়াহ অর্থ বেঁচে থাকা। আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাক্বওয়া। আর যে ব্যক্তি তাক্বওয়া অর্জন করল তাকে বলা হয় মুত্তাক্বী।     


উল্লেখ্য তাক্বওয়ার ৩টি স্তর রয়েছে। যথা.. অত্যাবশ্যকীয় তাক্বওয়া, আবশ্যক্যকীয় তাক্বওয়া এবং পরিপূর্ণ তাক্বওয়া।  

  • অত্যাবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় তাকওয়া হল সকল প্রকার কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। মুসলিম পুরুষ নারী সবাইকে অত্যাবশ্যকীয় ভাবে এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা কুফর শিরকে জড়িয়ে গেলে তার ঈমান বাঁচানো সম্ভব হবে না। বরং তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং সে চির জাহান্নামী মুনাফিক হয়ে যাবে। 
  • আবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুঅমিনের জন্য আবশ্যকীয় তাক্বওয়া হল সকল প্রকার কাবীরাহ থেকে বেঁচে থাকা। মুঅমিন হতে হলে এবং মুঅমিন হিসেবে জীবন যাপন করতে হলে অবশ্যই এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা সে ফাসিক হয়ে যাবে এবং তার আখেরাত অনিশ্চিত হয়ে যাবে। 
  • পরিপূর্ণ তাকওয়াঃ অর্থাৎ ছোটবড় সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকা, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। মহান আল্লাহ্-‌ই কেবল তার পছন্দের বান্দাকে এ তাকওয়ার অধিকারী করতে পারেন। 

  

الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ (16) الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ (17) 


আল্লাহর কাছে প্রার্থনা

১৬-১৭. (আল্লাহর জান্নাত তাদের জন্য) যারা বলবেঃ হে রাব্ব! নিশ্চয় আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপসমূহ মাফ করে দাও, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও। যারা হবে সবরকারী, সত্যবাদী, অনুগত, দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। (যে কোনো পরিস্থিতিতে ঈমান ও ইসলামের উপর অবিচল থাকার নাম সবর)  

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚلَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (18)


মহান সাক্ষ্য

১৮. আল্লাহ সাক্ষ্য দিচ্ছেনঃ নেই কোনো ইলাহ তিনি ছাড়া, ফিরিস্তাগণ এবং জ্ঞান সম্পন্ন লোকজন নীতির উপর অবিচল থেকে (এক-ই সাক্ষ্য দিচ্ছে।) নেই কোনো ইলাহ তিনি ছাড়া, তিনি মহাপরাক্রমশালী, মহাকৌশলী। 


إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَام وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ (19)


একমাত্র জীবন আদর্শ

১৯. আল্লাহর কাছে মনোনীত একমাত্র দ্বীন (জীবন আদর্শ) হল ইসলাম। এটা জানা সত্ত্বেও আহলে কিতাব (ইয়াহুদ খৃষ্টান) হিংসা বশত বিরোধিতা করছে (যা সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন এবং কুফর।) আর যে ব্যক্তি আল্লাহর আয়াতে কুফর করে (সে জাহান্নামী। আর) আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন।

 

فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ (20)

 

বিবাদ নয়, আত্মসমর্পন-ই মুক্তির একমাত্র পথ 

২০. (হে নবী!) তারা যদি (দ্বীন নিয়ে) তোমার সাথে বিবাদ/বিতর্ক করে তবে বলে দিওঃ (আমরা বিবাদ করি না। কারণ) আমি ও আমার অনুসারীরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কিতাবধারী আর উম্মি (তথা শিক্ষিত অশিক্ষিত) সবাইকে জিজ্ঞেস কর তোমরা কি আত্মসমর্পণ করেছ? যে আত্মসমর্পণ করবে সে হেদায়াত পাবে আর কেউ বিমুখ হলে (মনে রাখবে) তোমার দায়িত্ব শুধু পৌছে দেওয়া। আল্লাহ বান্দাদের প্রত্যক্ষ করেন। 


জ্ঞাতব্যঃ ইসলামের মূল বিষয় আত্মসমর্পণ, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না করে কেউ হেদায়াত পেতে পারে না।

 

 

إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ (21) أُولَٰئِكَ الَّذِينَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ (22) أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِنْهُمْ وَهُمْ مُعْرِضُونَ (23) ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَاتٍ وَغَرَّهُمْ فِي دِينِهِمْ مَا كَانُوا يَفْتَرُونَ (24)

শারীয়া’হ আইনে বিচার ও শাসন না করার পরিণতি 

২১-২২. (এখান থেকে ৪ আয়াতে (২১-২৪) ইয়াহুদীদের কথা বলা হয়েছে) যারা আমার আয়াতের (কিতাব ও বিধানের) সাথে কুফর করেছে, অন্যায় ভাবে নবীগণকে হত্যা করেছে, হত্যা করেছে ন্যায় ইনসাফের (শারীয়া’হ আইনের) প্রতি আহ্বানকারী লোকদেরকে, তাদেরকে সংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবের। (কারণ) এদের সকল আ’মাল দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হয়ে গেছে। এদের সাহায্য করার কেউ নেই। 

 

২৩. (হে নবী!) তুমি কী তাদেরকে দেখনি? যাদেরকে কিতাব দেয়া হয়েছিল (তারপর তারা সামাজিক ভাবে আল্লাহর কিতাব থেকে বিচ্যুত হয়ে গেছে) আল্লাহর কিতাব মেনে বিচার ও শাসন করতে বলা হলে তাদের একটি দল এটা প্রত্যাখ্যান করে।      

 

ঈমান ও আক্বীদাহঃ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কিতাব মেনে চলা ফরজ। জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর বিধানের বিপরীতে  অন্যকিছু মেনে চলা কুফর। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা নামায রোজার বেলায় আল্লাহর বিধান মেনে নিলেও রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, ইত্যাদি বিষয়ে মেনে চলে অন্যকিছু। যারা এমন করে তাদের ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। এসব লোক মানুষের দৃষ্টিতে মুসলিম হলেও আল্লাহর তালিকায় কাফির। ইসলামী পরিভাষায় এদের মুনাফিক বলা হয়। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। মুনাফিক মারা গেলে তাদের জন্য দোয়া করা বা তাদের জানাযা পড়াও নিষিদ্ধ। (দেখুনঃ সূরাহ তাওবাহঃ ৮৪)

   

২৪. কারণ তারা (ইয়াহুদরা) বলে জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না। আর করলেও মাত্র কয়েক দিনের জন্য। এসব মনগড়া উক্তি-ই দ্বীনের ব্যাপারে তাদের ধোঁকায় ফেলে দিয়েছে।

فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ (25)

 

পরকাল সত্য এবং সেদিনের বিচার হবে যথাযথ

২৫. সেদিন কি হবে.? যেদিন আমি সবাইকে একত্রিত করব (এটা যে আমি করব) এতে কোনো সন্দেহ নেই, সেদিন সবাইকে যথাযথ কর্মফল দেয়া হবে, কারো প্রতি অবিচার করা হবে না।

 

 

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26) تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (27)


সর্বময় ক্ষমতা বা সার্বভৌমত্ব

২৬. বলঃ হে আল্লাহ! সর্বময় ক্ষমতার মালিক। তুমি যাকে খুশী ক্ষমতা দান কর আর যার থেকে ইচ্ছে ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে খুশী সম্মানিত কর আর যাকে ইচ্ছা অপমানিত কর। তোমার হাতে-ই সকল কল্যাণ। নিশ্চয় তুমি সর্বময় ক্ষমতার অধিকারী (তথা সার্বভৌমত্বের মালিক।) 



২৭. তুমি রাতকে মিশাও দিনে আর দিনকে মিশাও রাতে (মানে তুমি দিনকে রাত বানাও আর রাতকে বানাও দিন।) মৃত থেকে বের কর জীবিত আর জীবিত থেকে বের কর মৃত। তুমি যাকে খুশী বে-হিসাব সম্পদ দান কর।


জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার। বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। 

  • যে মালিকানা আইনের আওতাধীন, যে মালিকানায় জবাবদিহিতা আছে, যে মালিকানায় নিয়ম বা বিধান মেনে চলতে হয়, এটা হল বিধিবদ্ধ মালিকানা। আল্লাহ ছাড়া অন্য সকলের মালিকানা বিধিবদ্ধ।
  • পক্ষান্তরে যে মালিকানা আইন বা নিয়মের আওতাধীন নয়, যে মালিকানায় কোনো জবাবদিহিতা নেই, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায়, এটা হল সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। একমাত্র আল্লাহর মালিকানা-ই সার্বিক ও সার্বভৌম।  

 

لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ (28)

 


শত্রু ও মিত্র নির্ধারণের নীতিমালা

২৮. (আর শোন! তোমাদের জন্য আল্লাহর নির্ধারিত নীতি হল) মুঅমিনরা মুঅমিন ছাড়া কোনো কাফিরকে ওয়ালী বানাবে না। আর কেউ এমন করলে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে না। তবে প্রতিরক্ষা হিসেবে প্রয়োজনীয় তাক্বিয়্যাহ করতে পারবে। (আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সম্পর্ককে তাক্বিয়্যাহ বলে।) আল্লাহ তাঁর (আযাবের) ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিচ্ছেন। (মনে রেখো! তোমাদের সবাইকে) আল্লাহর কাছে ফিরে যেতে হবে। 

 

জ্ঞাতব্যঃ ইসলাম সর্বকালীন সার্বজনীন। মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ে মেনে চলার মত আইন ও বিধানের মূলনীতি ঠিক করে দিয়েছে ইসলাম। শত্রু ও মিত্র নির্ধারন মানব জীবনের অতি গুরুত্বপূর্ন বিষয়। তাই এবিষয়েও সঠিক এবং সুস্পষ্ট নীতিমালা দিয়েছে ইসলামী শারীয়া’হ। ইসলামী পরিভাষায় ইহাকে বলা হয় “আল-ওয়ালা ওয়া-ল-বারা” তথা শত্রু ও মিত্র নির্ধারনের নীতিমালা। এ সম্পর্কে জানতে দেখুন আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ ঈমানের উপর অবিচল থাকা।   


ওয়ালী পরিচিতিঃ ওয়ালী অর্থ মিত্র, অভিভাবক, দায়িত্বশীল, কর্তৃত্বশীল, নীতি নির্ধারক, ইত্যাদি।  যে সম্পর্ক বা বন্ধুত্বের টানে মানুষ একে অন্যের দায়ভার নিজ কাঁধে তুলে নেয়; এমন সম্পর্ককে বলা হয় আল-ওয়ালা বা ওয়ালায়াত আর ওই ব্যক্তিকে বলা হয় ওয়ালী। যেমন..

  • পিতা সন্তানের ওয়ালী মানে অভিভাবক।
  • সন্তান তার বৃদ্ধ বা মৃত বাবা-মার ওয়ালী, মানে দায়ভার বহনকারী বা দায়িত্বশীল। 
  • লড়াইয়ের ময়দানে একদল অন্যদলের ওয়ালী, তথা মিত্র। 
  • আল্লাহ্‌ আমাদের সকলের ওয়ালী, মানে আমাদের উপর কর্তৃত্বশীল।

কে ওয়ালী হবেঃ ওয়ালী ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, সম্প্রদায় হতে পারে, জাতি হতে পারে বা রাষ্ট্র হতে পারে। ওয়ালীর সাথে সামাজিক অভিভাবকত্ব এবং দায়দায়িত্ব জড়িত। সামাজিক চুক্তি, সামরিক চুক্তি, নিরাপত্তা চুক্তি, ইত্যাদির মাধ্যমেও পরস্পরের ওয়ালী হওয়া যায়। ওয়ালী হবার অনেক পদ্ধতি ও সূত্র রয়েছে। যথা… 

  • জন্ম সূত্রে মানুষ একে অপরের ওয়ালী হয়। যেমনঃ বাপ সন্তানের ওয়ালী (যদি সে মুঅমিন হয়)  
  • সামাজিক সূত্রে মানুষ একে অপরের ওয়ালী হয়। যেমনঃ স্বামী স্ত্রীর ওয়ালী, সরকার জনতার ওয়ালী (যদি তারা মুঅমিন হয়)  
  • কোনো কাফির, মুশরিক, নাস্তিক বা মুরতাদ মুঅমিনের (আত্মীয় হলেও) ওয়ালী হতে পারে না।
  • এমনকি বাবা-মা ভাইবোনসহ পরিবারের লোকজনও যদি ঈমানের চেয়ে কুফরকে বেশী ভালোবাসে তবে তাদেরকেও ওয়ালী হিসেবে মেনে নেওয়া যাবে না। (দেখুন সূরাহ তাওবাহঃ ২৩)  
  • চুক্তির মাধ্যমেও ওয়ালী বানানো যায়। ব্যক্তি ব্যক্তির সাথে চুক্তি করতে পারবে, এভাবে পরিবার পরিবারের সাথে, সম্প্রদায় সম্প্রদায়ের সাথে, জাতি জাতির সাথে এবং রাষ্ট্র রাষ্ট্রের সাথে চুক্তি করে একে অপরকে ওয়ালী বানাতে পারবে।  

 

قُلْ إِنْ تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللَّهُ ۗوَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (29)

সর্বময় ক্ষমতা বা সার্বভৌমত্ব

২৯. (হে নবী! লোকজনকে) বলে দাওঃ তোমরা মনের কথা প্রকাশ কর বা গোপন রাখ, আল্লাহ সব জানেন। তিনি আসমান যমীনের সকল বিষয়ে অবগত, আল্লাহ্‌ সর্বময়ক্ষমতার অধিকারী। 

 

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ (30)


মন্দলোকদের আফসোস 

৩০. (চূড়ান্ত বিচারের) সেই দিন সবাই নিজ নিজ সৎকর্ম বিদ্যমান পাবে, অসৎকর্মও..। তখন তারা আফসোস করবেঃ যদি অসৎকর্ম থেকে অনেক অনেক দূরে থাকত। (হে মানুষ! মন দিয়ে শোনো!) আল্লাহ (তোমাদেরকে) তাঁর (আযাবের) ব্যাপারে সাবধান করে দিচ্ছেন। (তাই আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকো আর মনে রেখো!) আল্লাহ বান্দাদের প্রতি খুব-ই স্নেহশীল।  

 

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (31)


আল্লাহর ভালোবাসা

৩১. (হে নবী! মানুষকে) বলে দাওঃ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো (তথা আল্লাহর ভালোবাসা কামনা কর) তবে আমার অনুকরণ কর, তখন আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপ সমূহ মাফ করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। (আল্লাহর ভালোবাসা পাবার একমাত্র উপায়; রাসূল সাঃর অনুকরণ) 


জ্ঞাতব্যঃ আল্লাহর প্রতি ভালোবাসা হতে হবে অতুলনীয়, এটা আল্লাহর অধিকার। (দেখুন, বাকারাহঃ ১৬৫) অন্য সবাইকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আল্লাহর বিধানের আওতাধীন থেকে, আল্লাহর হুকুম মেনে। আর রাসূল সাঃর প্রতি ভালবাসা হতে হবে সকল মানুষ থেকে বেশী। বর্ণিত হচ্ছে..

আনাস রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ কেউ মুঅমিন হতে পারবে না, যতক্ষন না আমার তার প্রতি ভালবাসা আপন পরিবার, সম্পদ এবং সকল মানুষ থেকে অধিক না হবে। (মুসলিমঃ ৬৯/৪৪, ঈমান অধ্যায়)  

قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُول فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ (32) إِنَّ اللَّهَ اصْطَفَىٰ آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ (33) ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (34)

 

আনুগত্য 

৩২. (হে নবী! সবাইকে) বলে দাওঃ তোমরা সবাই আল্লাহ ও রাসূলের আনুগত্য কর। আর তোমাদের কেউ আনুগত্য বিমুখ হলে (তার ঈমান বিনষ্ট হয়ে যাবে এবং সে তখন কাফির হয়ে যাবে। আর জেনে রাখো!) আল্লাহ কাফিরদের পছন্দ করেন না।


৩৩-৩৪. আল্লাহ বিশ্ববাসীর উপর মনোনীত করেছেন আদম, নূহ, ইবরাহীম পরিবার ও ই’মরান পরিবারকে। তারা একে অপরের সন্তান। আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। 


ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ ও রাসূলের আনুগত্য করা ফরজ এবং আনুগত্য বিমুখ বা অবাধ্য ব্যক্তির ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। আল্লাহর আনুগত্যের মূল বিষয় দাসত্ব আর রাসূলের আনুগত্য হয় আল্লাহর অনুমোদনে (দেখুন সূরাহ নিসাঃ ৬৪) তাই তো রাসূলের হাদীছ আল্লাহর কুরআনের বিপরীত হলে এ হাদীছকে মানা হয় না।  

 

إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ (35) فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَىٰ وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَىٰ وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (36)

 

ই’মরানের স্ত্রী /মারইয়াম আঃর মা /ঈসা আঃর নানী 

৩৫. (হে মানুষ! স্মরণ কর) যখন ই’মরানের স্ত্রী (হান্নাহ) বললঃ হে রাব্ব! আমি মান্নত করছি; আমার গর্ভের সন্তানকে তোমার (ঘর মাসজিদ আক্বস্বার খেদমতের) জন্য পরিপূর্ণ ভাবে মুক্ত করে দেব। আমার থেকে তুমি এ মান্নত কবুল কর। নিশ্চয় তুমি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।  


৩৬. যখন সে কন্যাসন্তান প্রসব করল তখন বললঃ হে রাব্ব! আমি কন্যাসন্তান প্রসব করেছি। অথচ আল্লাহ জানেন সে কি প্রসব করেছে। (সে জানে নাঃ অনেক) পুরুষও এ নারীর মত হতে পারবে না। (সে আরো বলল) আমি এ নবজাতকের নাম রেখেছি মারইয়াম, আমি তার জন্য এবং তার সন্তানের জন্য বিতাড়ির শয়তান থেকে তোমার সুরক্ষা কামনা করছি।   


জ্ঞাতব্যঃ আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ এমন কোনো মানব সন্তান নেই জন্মের পর যাকে শয়তান স্পর্শ করে না। জন্মের পর শয়তানের স্পর্শেই নবজাতক শিশু কেঁদে উঠে। তবে মারইয়াম ও তার ছেলেকে শয়তান স্পর্শ করতে পারেনি। এতটুকু বলার পর আবু-হুরাইরাহ রাঃ বললেনঃ চাইলে উক্ত আয়াত দেখে নাও। (কুরতুবীঃ মুসলিম)

 

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ ۖإِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (37)


আল্লাহ মারইয়ামকে উত্তমরূপে গ্রহণ করলেন

৩৭. তথাপিও তার প্রভু মারইয়ামকে উত্তমরূপে গ্রহণ করলেন এবং উত্তমরূপে গড়ে তুললেন। (বাবা মারা গিয়েছেন বিধায়) তার অভিভাবক হল যাকারিয়্যা। যাকারিয়্যা মিহরাবে (মারইয়ামের বিশেষ ঘরে) প্রবেশ করে নানা ধরণের খাবার (বে-মৌসুমী ফল) দেখতে পেত। একদা যাকারিয়্যা বললঃ মারইয়াম! তোমার কাছে এসব ফল কোথা থেকে আসে? মারইয়াম বললঃ আল্লাহ থেকে। আল্লাহ যাকে খুশী বে-হিসাব রিজিক দান করেন।   

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (38) فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِنَ الصَّالِحِينَ (39) قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ قَالَ كَذَٰلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ (40) قَالَ رَبِّ اجْعَلْ لِي آيَةً قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ (41)

যাকারিয়্যা আঃর দোয়া 

৩৮. যাকারিয়্যা তখন-ই প্রভুর কাছে দোয়া করল। বললঃ হে রাব্ব! তোমার পক্ষ থেকে আমাকে একটি নেক সন্তান দান কর। নিশ্চয় তুমি দোয়া কবুলকারী।

 

৩৯. মিহরাবে সালাতরত অবস্থায় ফিরিস্তা তাকে ডেকে বললঃ আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার, যিনি হবেন আল্লাহর বাণীর সত্যায়নকারী, নেতা, (নারীর প্রতি) কামনামুক্ত এবং সৎলোকদের দলভুক্ত একজন নবী।

 

৪০. যাকারিয়্যা বললঃ হে রাব্ব! কি করে আমার সন্তান হবে! আমি তো (১২০ বছরের) বুড়া, আর আমার স্ত্রী (৯৮বছর বয়সী) বন্ধা। (ফিরিস্তা) বললঃ এমনই হবে, আল্লাহ যা ইচ্ছা তাই করেতে পারেন 

 

৪১. যাকারিয়্যা বললঃ হে রাব্ব! আমার জন্য কোনো আলামত ঠিক করে দিন। বললেনঃ তোমাদের আলামত হচ্ছেঃ তিন দিন মানুষের সাথে (মুখে কোনো) কথা বলবে না। তবে ইঙ্গিতে (বুঝাতে পারবে) আর অধিক পরিমাণে আল্লাহর যিকির (ইবাদাত) করবে এবং সকাল সন্ধ্যা তার মহত্ব বর্ণনা করবে। (যিকর সম্পর্কে জানতে দেখুন সূরাহ আন্বিয়াঃ ৭, ৫০)

 

জ্ঞাতব্যঃ যিকরঃ যিকর অর্থ স্মরণ, স্মরণিকা, আলোচনা, সমালোচনা, বাণী ইত্যাদি। আমাদের বাংলা সমাজে শব্দটিকে একটু বদলিয়ে বলা হয় যিকির বা জিকির। পবিত্র কুরআনের অনেক জায়গায় যিকর বলে আল-কুরআনকে বুঝানো হয়েছে, অনেক জায়গায় নামাযকে যিকর বলা হয়েছে। মোটকথা যিকর শব্দটি পবিত্র কুরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমনঃ আল-কুরআন, ইবাদাত, নামায, আলোচনা, সমালোচনা, স্মরণ, জ্ঞান, শারীয়াহ, জীবন বিধান, উপদেশ, ইত্যাদি কল্যাণকর অনেক অর্থে।


কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ শব্দটিকে বিচ্যুত করে যিকর বলে বুঝিয়ে থাকেনঃ কোনো পীরের বানানো তরিকা অনুযায়ী বিশেষ নিয়মে এবং বিশেষ ভঙ্গিতে কিছু শব্দ জপ করা। তারা শব্দটিকে তার মূলধারা থেকে বিচ্যুত করে অনেকটা ভিন্ন ধারায় নিয়ে যেভাবে আসল অর্থ থেকে অন্য ধারায় প্রবাহিত করছেন এটা অবশ্যই “তাহরীফ” হিসেবে গণ্য হবে।  

وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَىٰ نِسَاءِ الْعَالَمِينَ (42)

 

মারইয়াম আঃ

৪২. যখন ফিরিস্তা বললঃ হে মারইয়াম! আল্লাহ আপনাকে (ঈসার মা হবার জন্য /মহিলা নবী হবার জন্য) মনোনীত করেছেন, (কুফর, শিরকসহ সকল প্রকার স্রাব ও অপরিচ্ছন্নতা থেকে) আপনাকে পরিচ্ছন্ন করেছেন, আপনাকে মনোনীত করেছেন বিশ্বের সকল নারীর উপর। 

 

জ্ঞাতব্যঃ আবু-মূসা রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ পুরুষদের মাঝে অনেকে-ই পূর্ণতা পেয়েছে। আর নারীদের মাঝে পূর্ণতা পেয়েছে ই’মরানের মেয়ে মারইয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। নারীদের উপর আ’ইশার বৈশিষ্ট্য হচ্ছে ছারিদের (মাংসের ঝুলে মিশানো রূটির) উপর অন্য খাবারের বৈশিষ্ট্যের মত। (কুরতুবীঃ মুসলিম)

 

অন্য একটি হাদীছ আবু-হুরাইরাহ রা. থেকে বর্ণিত হয়েছে, রাসূল সা. বলেছেনঃ সারা বিশ্বের মাঝে শ্রেষ্ট রমণী হলেন চারজনঃ 

  • মারইয়াম বিনত ই’মরান, 
  • ফেরাউনের স্ত্রী আসিয়া বিনত মাযাহিম, 
  • খাদীজাহ বিনত খুওয়াইলিদ, (মুহাম্মাদ সা.’র ১ম স্ত্রী) 
  • ফাতিমাহ বিনত মুহাম্মাদ। 

অন্য একটি বর্ণনায় এসেছেঃ মারইয়ামের পরে জান্নাতী রমণীগণের (২য় ও ৩য় সারির) নেত্রী হচ্ছে ফাতিমাহ ও খাদীজাহ। (কুরতুবী)   


ইমাম কুরতুবী বলেছেনঃ অনেকের মতে এখানে পূর্ণতা বলে নবুয়ত বুঝানো হয়েছে। কোনো কোনো উলামা বলেছেন মারইয়াম ও আসিয়া নবী ছিলেন। তবে বিশুদ্ধ মতে মারইয়াম নবী ছিলেন। কারণ তার কাছে আল্লাহর বাণী নিয়ে ফিরিস্তা এসেছেন। 


বিঃ দ্রঃ = সাধারণত নবীগণ ৩টি ধাপে কাজ করে থাকেন। 

১ম ধাপঃ সরাসরি ফিরিস্তা এসে উনাদের গাইড দেন আর এ গাইড হয় শুধু-ই ইবাদাতের জন্য। অর্থাৎ ফিরিস্তা শুধু-ই ইবাদাতের আদেশ দেন, দাওয়াতের নয়। আমাদের নবী মুহাম্মাদ সা.ও প্রথমে কিছু দিন এমন ছিলেন। 

২য় ধাপঃ তারপর নবীগণকে দাওয়াতের আদেশ দেওয়া হয়। অর্থাৎ ইবাদাত ও দাওয়াত উভয় কাজের দায়িত্ব দেওয়া হয়। যেমন আমাদের নবী সা. মক্কাতে করেছেন।

৩য় ধাপঃ তারপর দ্বীন কায়েমের আদেশ দেওয়া হয়। অর্থাৎ ইবাদাত, দাওয়াত এবং দ্বীন কায়েম তথা জিহাদ, সামাজিক ন্যায় বিচার, সরকার প্রতিষ্ঠা এবং পরিচালনা। যে কাজটি আমাদের নবী সা. করেছেন মাদানী জীবনে। 

সে মতে মারইয়াম আ. নবী হলেও তাকে শুধু-ই ইবাদাতের জন্য গাউড দেওয়া হয়েছে। দাওয়াতী কাজের বা সামাজিক কাজের দায়িত্ব দেয়া হয়নি। (সঠিক তথ্য শুধু আল্লাহই জানেন)

يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ (43) ذَٰلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ (44) 

 

পানিতে কলম নিক্ষেপ করে মারইয়ামের অভিভাবক নির্ধারণ

৪৩. (ফিরিস্তা বলল) হে মারইয়াম! তোমার প্রভুর জন্য ক্বুনুত কর, সিজদাহ কর এবং রুকু (আনুগত্য) কারীদের সঙ্গী হয়ে রুকু (আনুগত্য) কর। 


জ্ঞাতব্যঃ ক্বুনুত অর্থ পূর্ণ অনুগত, একাগ্রতা, দীর্ঘ রুকু সিজদাহ ও কিয়াম, অবনত শীর, অঙ্গপ্রত্যঙ্গের একাগ্রতা, পূর্ণ নীরবতা।  

 


৪৪. (হে নবী!) এসব-ই গাইবের খবর। আমি ওহীর মাধ্যমে তোমাকে জানিয়ে দিচ্ছি। মারইয়ামের অভিভাবকত্ব নিয়ে তারা যখন বিবাদ করছিল এবং পানিতে কলম নিক্ষেপ করছিল তখন তুমি সেখানে বিদ্যমান ছিলে না। 


জ্ঞাতব্যঃ মারইয়ামের পিতা মাসজিদ আক্বসার ইমাম ছিলেন। তিনি ইন্তিকাল করার পর তার মেয়ের অভিভাবক হতে সকলেই আগ্রহী ছিল। তাই অভিভাবক ঠিক করার জন্য তারা এক অভিনব পন্থা গ্রহণ করলঃ সবাই নিজের কলম পানির স্রোতে ছুড়ে মারবে। যার কলম দাড়িয়ে যাবে সেই হবে মারইয়ামের অভিভাবক। এভাবে যাকারিয়্যা আঃ মারইয়ামের অভিভাবক মনোনীত হয়ে ছিলেন।

 

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ (45) وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ (46) قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ (47) وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ (48) وَرَسُولًا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَىٰ بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (49) وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (50) إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَٰذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (51) فَلَمَّا أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ (52)

ঈসা আঃর জন্ম ও দাওয়াত 

৪৫-৪৬. (স্মরণ কর) যখন ফিরিস্তা (জীবরাঈল মারইয়ামকে) বললঃ হে মারইয়াম! আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন “কালিমাতুল্লাহ’র” (মানে এমন এক নেক সন্তানের যাকে “কালিমাতুল্লাহ” বা আল্লাহর মুখপাত্র বলা হবে), যার নাম হবে ঈসা বিন মারইয়াম। সে হবে দুনিয়া ও আখেরাতে সম্মানিত এবং (আল্লাহর) ঘনিষ্ট। সে মায়ের কোলে (তথা নবজাতক অবস্থায়) এবং বৃদ্ধ বয়সে (৪০ উর্দ্ধ বয়সে) মানুষের সাথে কথা বলবে এবং সে হবে একজন সৎ মানুষ।

 


৪৭. মারইয়াম বললঃ হে রাব্ব! কী করে আমার সন্তান হবে! কোনো পুরুষ তো আমাকে স্পর্শই করেনি! (ফিরিস্তা) বললঃ এমন-ই হয়, আল্লাহ যা ইচ্ছা তাই করেতে পারেন। তিনি কোনো সিদ্ধান্ত করলে শুধু বলেন “হও” আর হয়ে যায়। (তাই তোমার সন্তান হবার জন্য পুরুষ সঙ্গীর প্রয়োজন হবে না) 

 


৪৮-৪৯. (তোমার গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে স্বয়ং) আল্লাহ তাকে শিক্ষা দিবেন কিতাব (হাতের লেখা), হিকমাহ (শারীয়াহ), তাওরাত ও ইনজীল। আর (তাকে বানাবেন) বনী-ইসরাঈলের রাসূল। (সময় মত ঈসা আঃ’র জন্ম হল এবং তিনি এসে মানুষকে বললেন) আমি প্রভুর পক্ষ থেকে অলৌকিক শক্তি নিয়ে এসেছি। আমি মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে ফুঁ দিলে আল্লাহর হুকুমে এটা (জীবন্ত) পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় এবং মৃতকে জীবিত করতে পারব। আমি বলতে পারব তোমরা কি খেয়ে এসেছ আর কি ঘরে রেখে এসেছ। এসবই তোমাদের জন্য শিক্ষা যদি তোমরা মুঅমিন হও। 

 

৫০-৫১. (ঈসা আরো বলল) আমি তাওরাতকে সত্যায়ন করছি। (তাওরাতে) তোমাদের (জন্য) হারাম (ছিল এমন) কিছু খাদ্যকে আমি তোমাদের জন্য হালাল করে দিচ্ছি। আমি আল্লাহর (পক্ষ থেকে নতুন) বিধান নিয়ে এসেছি। তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর আর (পাপিষ্ঠ নেতাদের বাদ দিয়ে) আমার আনুগত্য কর। আল্লাহ হলেন আমার এবং তোমাদের সকলের প্রভূ। তাই ইবাদাত কর শুধু-ই তাঁর। আর এটা-ই সীরাত মুস্তাক্বীম তথা সোজা পথ। (এক আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নিয়ে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলার নাম আল্লাহর ইবাদাত করা।) 

 

৫২. (তথাপিও ইয়াহুদ জাতি তাকে মেনে নেয়নি। বরং তারা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল) তাদের কুফর (হত্যা ষড়যন্ত্র) অনুভব করে ঈসা বললঃ কে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? হাওয়ারীগণ বললঃ আমরা আল্লাহর (জন্য আপনার) সাহায্যকারী হব। আমরা ঈমান এনেছি। আপনি সাক্ষীঃ আমরা মুসলিম। 


জ্ঞাতব্যঃ ইয়াহুদ আলিমগণ দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল। প্রতিটি দলই নবীর আদর্শের সাথে নিজেদের মতাদর্শ মিশিয়ে মিশ্র পথ বানিয়ে ছিল। এমতাবস্থায় ঈসা আঃ আগমন করলেন। ইয়াহুদ আলিমগণ দলবাজির ঊর্ধ্বে উঠে ঈসা আঃকে মেনে নিতে পারেনি। তারা ঈসা আঃর বিরুদ্ধে নিন্দাবাদ করেছে। তাকে সমাজে হেও করার জন্য ব্যক্তিগত আক্রমণ করেছে, জারজ বলেছে। তথাপিও ঈসা আঃর উত্থান ঠেকাতে না পেরে তাকে হত্যার জন্য প্রায় ৪হাজার অনুসারী নিয়ে তার বাড়ী অবরোধ করেছে এবং ঘর থেকে বের হলেই শূলীতে চড়ানোর জন্য বিরাট মঞ্চ তৈরি করেছে। তিনি সাহায্যের আবেদন জানালে হাওয়ারীগণ এগিয়ে আসে এবং তাঁর ঘরে অবস্থান নেয়। ঈসা আঃর হাওয়ারী (সঙ্গী) ছিল ১২ জন।

رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ (53) وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ (54) إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَىٰ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ كَفَرُوا إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ۖثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ (55)


ঈসা আঃর আকাশে আরোহণ এবং হাওয়ারীদের অবস্থা 

৫৩. (আল্লাহর কাছে প্রার্থণা করে হাওয়ারীগণ বলেছে) হে রাব্ব! তুমি যা নাযিল করেছ আমরা সব মেনে নিয়েছি, আমরা তোমার প্রেরিত রাসূলের অনুকরণ করছি। সুতরাং সাক্ষ্যদাতাদের (মুঅমিনদের) তালিকায় আমাদের নাম লিখে নাও। 

 

৫৪. তারা (ইয়াহুদ ঈসাকে হত্যার) ষড়যন্ত্র করেছে আর আল্লাহ (তাকে রক্ষার) কৌশল করেছেন। আল্লাহ-ই সর্বোত্তম কৌশলী। 

 

৫৫. আল্লাহ বললেনঃ ঈসা! তোমার মৃত্যু আমার হাতে (আমি না মারলে কেউ তোমাকে মারতে পারবে না।) আমি কাফিরদের থেকে তোমাকে রক্ষা করব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব আর যারা তোমার সাথে কুফর করছে তাদের (তথা ইয়াহুদীদের) উপর কিয়ামত পর্যন্ত তোমার অনুকরণকারীদের প্রাধান্য বজায় রাখব। তারপর তারা সবাই আমার কাছে ফিরে আসবে, আমি-ই ফয়সালা করব তাদের বিরোধপূর্ণ সকল বিষয়ে।                                       


জ্ঞাতব্যঃ ঈসা আঃর বয়স তখন ৩৩ বছর। এক রাতে ৪ হাজার ইয়াহুদ তার ঘর অবরোধ করল। ঘরে তখন ১২ জন হাওয়ারী, ঈসা আঃ নিজে এবং মা মারইয়াম আঃ। 


ঈসা আঃ গোসল করে আসলেন। তার চুল থেকে পানি পড়ছিল। তিনি হাওয়ারীগণের সামনে বক্তব্য রাখলেন এবং তাঁর স্থলাবিষিক্ত হয়ে মৃত্যুর জন্য উদ্বুদ্ধ করলেন। এক হাওয়ারী ঈসা সেজে বাইরে যেতে রাজি হল। তাকে ঈসা আঃর জুব্বা, পাগড়ী ও লাঠি দিয়ে সাজানো হল। তার মুখমণ্ডল ঈসা আঃর মত হয়ে গেল। তিনি বাইরে গেলে ইয়াহুদ তাকে ঈসা মনে করে শূলীতে চড়াল।


ঈসা আঃ একটি সবুজ রোমাল বিছিয়ে তাতে বসে পড়লেন। রুমাল তাকে নিয়ে আকাশে উড়ে গেল। হাওয়ারীগণ বিষয়টি দেখে অবিভূত হয়ে পড়ল এবং আল্লাহর কুদরতকে নিজেদের জ্ঞান দিয়ে বিশ্লেষণের চেষ্টা করল। তারা ভাবলঃ কোনো মানুষের পক্ষে এমন করা সম্ভব নয়। তাই তারা ভাবতে লাগল তিনি মানুষ ছিলেন না। তিনি ছিলেন স্বয়ং খোদা বা খোদার ছেলে। তবে ৪ জন হাওয়ারী ঈসা আঃকে খোদা মানতে রাজি হল না। তারা বললঃ তিনি খোদা বা খোদার ছেলে নয়। তিনি আল্লাহর বান্দা ও রাসূল। 


যে ৪ জন ঈসা আঃকে আল্লাহর বান্দা ও রাসূল বলেছিলেন, বাকি ৭ জন মিলে তাদেরকে হত্যা করল। তারা মনে করল এরা খোদা ও খোদার ছেলের মানহানী করছে। (বিস্তারিত জানতে তাফসীর কুরতুবী দেখে নিন)

فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ (56) وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ (57) ذَٰلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ (58)

কুফরের পরিণাম 

৫৬-৫৭. সুতরাং যারা কুফর করবে, আমি দুনিয়া ও আখেরাতে তাদের কঠিন সাজা দেব, তাদের কোনো সাহায্য করা হবে না। আর যারা ঈমান আনবে এবং (ঈমানের সহিত) সৎকাজ করবে, তাদের দেব পরিপূর্ণ প্রতিদান। আল্লাহ জালিমদের পছন্দ করেন না। 


৫৮. এসব হল আমার আয়াত ও জ্ঞানগর্ভ বর্ণনা, আমরা তোমার কাছে এসব পাঠ করছি।

 

ঈমান ও আক্বীদাহঃ কুফর অর্থ গোপন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, অমান্য করা, অবজ্ঞা করা, ইত্যাদি। আল্লাহর দেওয়া কোনো তথ্য গোপন করা বা অবিশ্বাস করা অথবা আল্লাহর বিধান মানতে অস্বীকার বা অমান্য করা অথবা আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা কুফর। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারা করা এবং যাদু করাও কুফর। 

কোনো মুসলিম যদি যে কোনো ভাবে কুফরে জড়িয়ে পড়ে তবে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল ও ইবাদত নিস্ফল ও বরবাদ হয়ে যায়। এবং সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। এমন মানুষ মারা গেলে তাদের জানাযা পড়া বা তাদের জন্য দোয়া করাও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) 

إِنَّ مَثَلَ عِيسَىٰ عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ (59) الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ (60)

সঠিক বিধান ও সঠিক তথ্য 

৫৯. আল্লাহর কাছে ঈসার উপমা আদমের মত। আদমকে মাটি দিয়ে বানিয়ে আল্লাহ বললেনঃ (জীবন্ত মানুষ) “হয়ে যাও” আর হয়ে গেল। 


জ্ঞাতব্যঃ আদমকে সৃষ্টি করতে যেমন নারীপুরুষের মিলনের প্রয়োজন হয়নি ঠিক তেমনি ঈসাকে সৃষ্টি করতেও নারীপুরুষের মিলনের প্রয়োজন পড়েনি। 

 

৬০. সঠিক (এটা-ই যা) তোমার প্রভু থেকে আসে। এতে যারা সন্দেহ করে তুমি তাদের দলভুক্ত হইও না। 

 

ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ্‌ প্রদত্ব তথ্য-ই সঠিক তথ্য এবং আল্লাহর বিধান-ই একমাত্র সঠিক বিধান। আল্লাহর বিধানের বিপরীতে যা আছে সব বিভ্রান্তি। আল্লাহর বিধানের সত্যতা নিয়ে সন্দেহ করা কুফর। কোনো মুসলিম এমন কুফর করলে মুনাফিক হয়ে যাবে।

 

 

فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ (61) إِنَّ هَٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (62) فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ (63)


মুবাহালাহঃ ইসলামী শারীয়া’হর এক অপূর্ব সমাধান 

পটভূমিঃ নাজরান (শামদেশ) থেকে একদল খৃষ্টান রাসূল সাঃর কাছে এসেছিল। তারা কয়েকদিন রাসূল সাঃর কাছে অবস্থান করে নানা বিষয়ে আলোচনা করেছিল। ঈসা আঃ আল্লাহর বান্দা, না ছেলে? এ বিষয়ে তারা নবী সাঃর সাথে বিবাদে লিপ্ত হল। বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হল..

  

৬১. তোমার কাছে সঠিক জ্ঞান (তথা আল-কুরআন) আসা সত্ত্বেও (এ কিতাবের বিধান মানা নিয়ে) কেউ যদি তোমার সাথে বিবাদে লিপ্ত হয় তবে (তাদেরকে) বলো! আসো! আমাদের সন্তান ও তোমাদের সন্তান, আমাদের স্ত্রীগণ ও তোমাদের স্ত্রীগণ, আমরা নিজেরা ও তোমরা নিজেরা, সবাই একত্রিত হয়ে “মুবাহালাহ” করি তথা মিথ্যুকদের উপর আল্লাহর লা’নত (বর্ষণ করি।) 


৬২. নিশ্চয় এসব–ই সত্য ঘটনা। আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। নিশ্চয় আল্লাহ মহা–প্রতাপশালী, প্রজ্ঞাময়।


৬৩. তারা যদি (মুবাহালাহ থেকে) বিরত থাকে তবে (মনে করবে তারাই ফাসাদকারী।) ফাসাদকারীদের ব্যাপারে আল্লাহ খুব অবগত।  


জ্ঞাতব্যঃ এমন ভাবে লা’নত করাকে মুবাহালাহ বলা হয়। আগেকার যমানায় কোনো বিষয়ে সত্য মিথ্যা নির্ণয় করতে না পারলে এভাবে মুবাহালাহ করা হত। রাসূল সাঃ মুবাহালাহর আহ্বান জানালে খৃষ্টানরা পিছু হটে। তারা মুবাহালাহ না করে ইসলামী সরকারের প্রাধান্য মেনে নেয় এবং জিযয়ার (নিরাপত্তা টেক্সের) বিনিময়ে শান্তি চুক্তি সম্পাদন করে। (বিস্তারিত জানতে কুরতুবী দেখে নিন)

 

قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ (64) يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تُحَاجُّونَ فِي إِبْرَاهِيمَ وَمَا أُنْزِلَتِ التَّوْرَاةُ وَالْإِنْجِيلُ إِلَّا مِنْ بَعْدِهِ أَفَلَا تَعْقِلُونَ (65) هَا أَنْتُمْ هَٰؤُلَاءِ حَاجَجْتُمْ فِيمَا لَكُمْ بِهِ عِلْمٌ فَلِمَ تُحَاجُّونَ فِيمَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (66)


ঐক্যের ডাক ও ইবরাহীমী আদর্শ 

৬৪. বলো! হে আহলে কিতাব! এসো! এসব বিষয়ে (ঐক্যবদ্ধ হই) যা আমাদের ও তোমাদের কাছে সমান। (আর তা হল..)  

  • আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করব না, 
  • আল্লাহর সাথে শিরক করব না, 
  • আল্লাহকে ছেড়ে একে অপরকে রাব্ব (বিধানদাতা) হিসেবে মেনে নেব না। 

তারা যদি (উল্লেখিত নীতিমালা উপর ঐক্যের আহ্বান) প্রত্যাখ্যান করে তবে বলে দাওঃ তোমরা সাক্ষ্যি থাকোঃ আমরা মুসলিম (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী।)

 

৬৫. (ইয়াহুদ বলত “ইবরাহীম আঃ ইয়াহুদ ছিলেন আর খৃস্টান নলত ইবরাহীম আঃ খৃস্টান ছিলেন। তাদের এসব আহেতুক দাবীকে খন্ডন করে নাযিল হল) হে আহলে কিতাব! তোমরা ইবরাহীমকে নিয়ে কেন বিবাদ করছ? (ইবরাহীম কি করে ইয়াহুদ বা খ্রিষ্টান হবে?) তাওরাত ও ইনজিল তো তার পরে নাযিল হয়েছে। তোমরা কি কিছু-ই বুঝ না?


৬৬. তোমরা যা জানো তা নিয়ে তর্ক করতে পার, কিন্তু যা জান না তা নিয়ে কেন তর্ক করছ? (আসল ব্যাপার) আল্লাহ জানেন, তোমরা জান না। 

مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَٰكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (67) إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَٰذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا ۗوَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ (68)

 

ইবরাহীম আ.র আদর্শ হল হানীফ পদ্ধতিতে ইসলাম পালন

৬৭. ইবরাহীম ইয়াহুদ ছিল না, খৃষ্টানও ছিল না। সে ছিল হানীফ (পদ্ধতিতে ইসলাম মেনে চলা একজন পরিপূর্ণ) মুসলিম। সে (তোমাদের মত) মুশরিক ছিল না। 


জ্ঞাতব্যঃ সকল মত ও পথ, সকল নীতি আদর্শ ও দর্শন বাদ দিয়ে একক ভাবে আল্লাহর বিধান মেনে চলার নাম “হানীফ” পদ্ধতিতে ইসলাম পালন।


৬৮. ইবরাহীমের নিকটতম মানুষ হল তারা (তার জীবদ্দশায়) যারা তাকে অনুকরণ করেছে, এই নবী (মুহাম্মাদ) আর মুঅমিনগণ। আল্লাহ হলেন মুঅমিনদের ওয়ালী। 


জ্ঞাতব্যঃ ওয়ালী অর্থ অভিভাবক, মিত্র, আপনজন, ইত্যাদি। এ সম্পর্কে জানতে সূরাহ বাকারার ১০৭ তম আয়াত দেখে নিন। 

 

وَدَّتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ (69) يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَأَنْتُمْ تَشْهَدُونَ (70) يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَلْبِسُونَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُونَ الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ (71)

ইয়াহুদ ও খৃস্টানরা কি চায়..? 

৬৯. (হে মুসলিমগণ! সাবধান থেকো। কারণ) আহলে কিতাবের বেশকিছু মানুষ একান্ত ভাবে চায় তোমাদেরকে বিভ্রান্ত করতে। আসলে (এমন করে) তারা নিজের বিভ্রান্তি-ই বাড়াচ্ছে। কিন্তু এ অনুভুতিও তাদের নেই।


৭০. হে আহলে কিতাব! কেন আল্লাহর আয়াতের (কিতাবের বিধানের) সাথে কুফর করছো? অথচ তোমরা সাক্ষী (যে এটা-ই সঠিক।)


৭১. হে আহলে কিতাব! তোমরা কেন হোক আর বাতিলকে (তথা ইসলাম আর কুফরকে) একত্রে মিশ্রিত করে ফেলছ, কেন সঠিক (তথ্য) গোপন করছ? অথচ তোমরা জান (যে এমন করা কুফর) 

 

 

 وَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمِنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آمَنُوا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوا آخِرَهُ لَعَلَّهُمْ يَرْجِعُونَ (72) وَلَا تُؤْمِنُوا إِلَّا لِمَنْ تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ الْهُدَىٰ هُدَى اللَّهِ أَنْ يُؤْتَىٰ أَحَدٌ مِثْلَ مَا أُوتِيتُمْ أَوْ يُحَاجُّوكُمْ عِنْدَ رَبِّكُمْ قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (73)

 

ইয়াহুদ আলিমদের দলাদলি ও চক্রান্ত

৭২. আহলে কিতাবের একদল (উলামা জনতাকে) বলেঃ মুঅমিনদের উপর নাযিলকৃত বিষয়ে তোমরা সকালে ঈমান আনবে আর বিকেলে কুফর করবে, এমন করলে (তোমাদের দেখাদেখি) তারাও (ইসলাম থেকে) ফিরে আসবে।

  

৭৩. (তারা আরো বলে) আর তোমাদের সমমনা (দলীয়) লোক ছাড়া অন্যকাউকে বিশ্বাস করবে না। তুমি (তাদেরকে) বলে দাওঃ আল্লাহর পথ-ই আসল পথ। (তারা জনতাকে বলেঃ আমাদের মসলক বা মিনহাজ ছাড়া অন্যদের কথা যদি সঠিক হিসেবে মেনে নাও তবে এর অর্থ দাঁড়াবে) তোমাদেরকে যা দেওয়া হয়েছে অন্যদেরও এটা দেওয়া হয়েছে (বলে মেনে নেয়া।) আর তা না হলেও তারা প্রভুর সামনে (কিয়ামতে) তোমাদের বিরুদ্ধে দলীল পেয়ে যাবে। বলে দাওঃ সকল অনুগ্রহ আল্লাহর হাতে। তিনি যাকে খুশী (তাঁর অনুগ্রহ) দান করেন। আল্লাহ সর্ব-উদার, মহাজ্ঞানী।

 

জ্ঞাতব্যঃ ইয়াহুদ আলিমরা নানা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। সকল দলের আলিমরা-ই জনতাকে বলতঃ “আমরা-ই সঠিক, আমরা ছাড়া বাকি সব বিভ্রান্ত”। তারা আরো বলতঃ আমাদের দলীয় আলিম ছাড়া অন্যকোনো আলিমের কথা শোনবে না এবং তাদের বিশ্বাস করবে না। এর কারণ হিসেবে তারা বলতঃ অন্য আলিমদের কথা মেনে নিলে বা বিশ্বাস করলে তাদেরকেও সঠিক হিসেবে মেনে নেওয়া হবে। তখন “শুধু আমরাই সঠিক” এ কথার গ্রহণ যোগ্যতা থাকবে না।

 

অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছেঃ আজকাল আমাদের সমাজের কিছু আলিমও ইয়াহুদী আলিমদের মত হয়ে গেছেন। তারাও জনতাকে এমন কথা-ই বলছেন, এমন কথা-ই বুঝাচ্ছেন। তাই হেদায়াত পেতে হলে এবং হেদায়াতের পথে থাকতে হলে দলবাজি এবং দলবাজদের থেকে সাবধান হতে হবে। কারণ যারা দ্বীন নিয়ে দলাদলি করে এবং নানা দলে বিভক্ত হয়ে যায় রাসূল সা.র সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। (দেখুন সূরাহ আনয়া’মঃ ১৫৯) 

 يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ (74) وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَيْسَ عَلَيْنَا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ (75)


আল্লাহর মনোনয়ন ও পাপপুণ্য নির্ধারন 

৭৪. (দ্বীন, হেদায়াত, রহমত ও নবুয়তের জন্য) আল্লাহ্ যাকে ইচ্ছা‌ মনোনীত করেন আপন করুণায়। আর আল্লাহ্ হলেন‌ মহা-অনুগ্রহশীল। (তাই নবী মনোনয়নের ব্যাপারে অন্য কারো হাত নেই।) 

 

৭৫. (তবে তাদের সবাই খারাপ নয়) আহলে কিতাবে এমন মানুষও বিদ্যমান আছে যার কাছে অনেক সম্পদ আমানত রাখলেও তোমাকে ফিরিয়ে দেবে, আবার এমন মানুষও বিদ্যমান আছে; যাদের কাছে এক দিনার আমানত রাখলেও সহজে ফেরত দেবে না, এজন্য তোমাকে লেগে থাকতে হবে। কারণ উম্মীদের (তথা আরবদের সম্পদ আত্মস্যাতকে) তারা পাপ মনে করে না। (তারা মনে করে আল্লাহ আরবদের সম্পদ তাদের জন্য হালাল করে দিয়েছেন। আর এসব হল আল্লাহর উপর মিথ্যাচার।) তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যাচার করে।


ঈমান ও আক্বীদাহঃ পাপপুণ্য নির্ধারনের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর নীতির বাইরে গিয়ে নিজের মন মত পাপপুণ্য নির্ধারন করা আল্লাহর উপর মিথ্যাচারের শামিল এবং এটা সুস্পষ্ট কুফর। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। 

بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ وَاتَّقَىٰ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ (76) إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَٰئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ (77)

আল্লাহর সাথে কৃত অঙ্গীকার 

৭৬. তবে হাঁ! যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করল এবং আল্লাহর তাকওয়া অর্জন করল, (সে জেনে রাখুক) আল্লাহ মুত্তাক্বীদের ভালবাসেন। 


জ্ঞাতব্যঃ তাক্বওয়া অর্থ বেঁচে থাকা। আল্লাহর ভয়ে কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকাকে তাকওয়া বলে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করল সে হয় মুত্তাক্বী।


৭৭. আর যারা সামান্য (দুনিয়ার) বিনিময়ে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করল, আখেরাতে তাদের জন্য কিছু-ই থাকবে না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদের তাযকিয়্যাহ (পাপ মুক্ত) করবেন না। তাদের তরে কঠিন আযাব। 


জ্ঞাতব্যঃ আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ পরকালে তিন ধরণের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের তাযকিয়্যাহ (পাপমুক্ত) করবেন না। তাদের তরে কঠিন আযাব। 

  • বৃদ্ধ যিনাকারী 
  • মিথ্যুক শাসক
  • দাম্ভিক ভিক্ষুক।  (মুসলিম) (তাযকিয়্যাহ সম্পর্কে জানতে দেখুন সূরাহ বাক্বারাহঃ ১২৯) 

 وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ (78)


আল্লাহর কিতাবে যবান ঢুকিয়ে দেয়া

৭৮. তাদের কিছু মানুষ (আল্লাহর) কিতাবে নিজেদের যবান ঢুকিয়ে (আল্লাহর কথার সাথে নিজের কথা যুক্ত করে) দেয়, যেন মানুষ এটাকেও আল্লাহর কিতাব মনে করে, অথচ এটা আল্লাহর কিতাব নয়। তারা (আল্লাহর কিতাবের সাথে তাদের মতাদর্শ মিশিয়ে) বলে এটাও আল্লাহ থেকে, অথচ এটা আল্লাহ থেকে নয়। তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যাচার করে।


ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ যা বলেননি এমন কথাকে আল্লাহর কথা হিসেবে চলিয়ে দেওয়া আল্লাহর উপর মিথ্যাচার। আল্লাহর উপর মিথ্যাচার করা কুফর। যে কোনো ভাবে নিজের মতামত বা দলীয় মতামতকে আল্লাহর কথা বা রাসূলের কথা বলে অপপ্রচার করা আল্লাহ ও রাসূলের উপর মিথ্যাচারের শামিল। তখন এমন কাজ করত একদল ইয়াহুদ উলামা আর এখন এক-ই কাজ করে যাচ্ছেন আমাদের কিছু আলিম উলামা। যেমনঃ 

কুরআনের কোনো শব্দের বা বাক্যের একাধিক অর্থ থাকলে প্রথমে দেখতে হবে আল্লাহ বা রাসূল থেকে কোনো বিশ্লেষণ পাওয়া যায় কি না? 

আল্লাহ বা রাসূল থেকে পরিষ্কার ভাবে কোনো অর্থ পাওয়া গেলে এটাকে-ই নির্ধারন করে নিতে হবে। আর না পাওয়া গেলে কোনো ইমামের বা আলিমের করা অর্থ মেনে নেয়াও দোষের নয় যদি এর পক্ষে নির্ভরযোগ্য দলীল থাকে। 

তবে এমন অবস্থায় কেউ যদি এক অর্থকে নির্দিষ্ট করে ফেলে এবং বলে “আল্লাহ এটা-ই বলেছেন” অথবা বলেঃ “এটা-ই আল্লাহর কথা আর বাকি সব বিভ্রান্তি” তবে ওই ব্যক্তি নিজের বা দলীয় লোকদের কথাকে আল্লাহর কথা হিসেবে চালিয়ে দিল। আর এমন করাকে বলা হয় “আল্লাহর কালামে যবান ঢুকিয়ে দেয়া” যা আল্লাহর উপর মিথ্যাচারের শামিল। যারা এমন করে তারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যায়, তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়।     

 


مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللَّهِ وَلَٰكِنْ كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُونَ (79) وَلَا يَأْمُرَكُمْ أَنْ تَتَّخِذُوا الْمَلَائِكَةَ وَالنَّبِيِّينَ أَرْبَابًا ۗ أَيَأْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ إِذْ أَنْتُمْ مُسْلِمُونَ (80) وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ (81)


আল্লাহর কিতাব অধ্যয়ন এবং নবীগণের অঙ্গিকার

৭৯-৮০. আল্লাহ কোনো মানুষকে কিতাব, “হুকম” ও নবুয়ত দেওয়ার পর সে বলবে “আল্লাহকে ছেড়ে আমার দাসত্ব কর”! এমন হতে-ই পারে না। বরং (সে বলবে) প্রভু ভক্ত হও, (প্রভুর) কিতাব শিক্ষা কর এবং অধ্যয়ন কর। কোনো নবী কখনো ফিরিস্তা বা নবীকে প্রভু হিসেবে মেনে নেয়ার জন্য বলতে পারে না। তোমরা মুসলিম হবার পর সে (নবী) কি করে কুফর করার কথা বলবে?


৮১. আল্লাহ যখন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন (বলেছেন হে নবীগণ!) আমি তোমাদেরকে কিতাব ও হিকমাহ (নবুয়ত) দান করার পর যখন তোমাদেরকে সত্যায়নকারী অন্য কোনো রাসূল আসবে তখন তোমরা অবশ্যই তাকে মেনে নেবে এবং সাহায্য করবে। (তারপর) আল্লাহ বললেনঃ তোমরা কী একথা স্বীকার করছ এবং মেনে নিয়েছ? তারা (নবীগণ) বলেছেঃ আমরা স্বীকার করছি। আল্লাহ বলেছেনঃ তোমরা সাক্ষী, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম।   

فَمَنْ تَوَلَّىٰ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ (82) أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ (83)


আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো জীবন আদর্শের সন্ধান করাও কুফর

৮২. এতদসত্ত্বেও যারা (আল্লাহর কিতাব ও বিধান থেকে) মুখ ফিরিয়ে নিল তারা অবশ্যই পাপিষ্ঠ। 


৮৩. তারা কি আল্লাহর দ্বীন (জীবন আদর্শ) ছাড়া অন্য কোনোকিছুর সন্ধান করে..? অথচ আকাশসমূহের এবং পৃথিবীর সবাই ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সবাই তার কাছে-ই ফিরে যাচ্ছে।


ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর বিধান মেনে নিয়ে সে অনুযায়ী জীবন যাপন করা মানুষের ফরজ দায়িত্ব। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ মেনে নেওয়া, গ্রহণ করা, এমনকি গ্রহণের জন্য অনুসন্ধান করাও কুফর। 


যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলে না তাদের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। ইসলামী পরিভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। 

(মুসলিম ৩ প্রকার মুঅমিন, ফাসিক ও মুনাফিক। এদের পরিচয় জানতে দেখুন সূরাহ বাকারাহঃ ৭)

(মুনাফিক সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলাবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র মুনাফিক অধ্যায়)


قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (84)


নবী-রাসূলগণের উপর ঈমানের নমুনা 

৮৪. বলো! আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আর যা নাযিল হয়েছে আমাদের প্রতি এবং যা নাযিল হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক্ব, ইয়াক্বুব ও অন্যান্য নবীগণের উপর। আর যা দেয়া হয়েছে মূসা, ঈসা এবং অন্য নবীগণকে তাদের প্রভু থেকে। আমরা (সকল নবীকে সমান ভাবে মান্য করি) কাউকে কারো থেকে আলাদা করি না। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি।


ঈমান ও আক্বীদাহঃ ইসলাম অর্থ আত্মসমর্পণ। আল্লাহর কাছে আত্মসমর্পণই ইসলামের মূল শিক্ষা। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করল সে মুসলিম আর যে করল না সে কাফির। 


নিজের চিন্তা চেতনা, ইবাদাত আরাধনা, ইচ্ছা-অনিচ্ছা, পছন্দ-অপছন্দ, ইত্যাদি সবকিছুকে আল্লাহর ইচ্ছার উপর সপে দেয়ার নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 

কোনো ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর আল্লাহর ইচ্ছা-ই হবে তার ইচ্ছা, আল্লাহর পছন্দ-ই হবে তার পছন্দ, আল্লাহর আদেশ পালন-ই হবে তার জীবনের লক্ষ্য আর আল্লাহর আনুগত্যই হবে তার চিন্তা ও চেতনা। এবং এভাবে জীবনযাপন করাকে-ই বলা হয় ইবাদাত।  

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ (85)


যে ব্যক্তির কোনোকিছুই কবুল করা হয় না 

৮৫. যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দ্বীনের (আদর্শ, নীতিমালা, বিধান, মতবাদের) সন্ধান করল তার (ঈমান, ইবাদাতসহ) কোনোকিছু-ই কবুল করা হবে না। আর আখেরাতে সে হবে (চির তরে) ক্ষতিগ্রস্থ। 

 

كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (86) أُولَٰئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ (87) خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُونَ (88) إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (89)

যে মুসলিম কুফর করবে

৮৬. আল্লাহ কি করে ওই জাতিকে হেদায়াত করবেন, যারা ঈমান আনার পর কুফর করে, আবার নবী সত্য বলে সাক্ষিও দেয়? অথচ তাদের কাছে রয়েছে বায়্যিনাত (সুস্পষ্ট বিধান। যারা এমন করে তারা কুফরের মত মহাপাপে জড়িয়ে যায়) আর আল্লাহ জালিমদেরকে (পাপিষ্ঠদেরকে /মুশরিকদেরকে /যারা অন্যের অধিকার হরণ করে তাদেরকে) হেদায়াত করেন না।


ঈমান ও আক্বীদাহঃ ঈমান আনার পর কুফর করলে অথবা শিরক করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। আর যে মুসলিম এমন করে তাকে মুনাফিক বলা হয়। 

মুনাফিক চির জাহান্নামী, মুনাফিকের জন্য নিম্নতম জাহান্নাম। কোনো মুনাফিক মারা গেলে তার জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। মুনাফিকের জন্য শাফায়া’ত করতে কাউকে অনুমতি দেয়া হবে না।  

(কুফর, শিরক ও মুনাফিকী সম্পর্কে জানতে হলে আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা” দেখে নিন)


৮৭-৮৯. (যারা ঈমান আনা সত্ত্বেও কুফর করে) এসব লোকের পরিণতি হলঃ তাদের উপর আল্লাহ লা’নত, ফিরিস্তাদের লা’নত, লা’নত সকল মানুষের। তারা এতে চিরদিন থাকবে, কমানো হবে না আযাব, দেয়া হবে না অবকাশ। কিন্তু যে ব্যক্তি তাওবাহ করে নিজেকে শুধরে নিল (আল্লাহ তাকে মাফ করে দেন। কারণ) আল্লাহ গাফূর, রাহীম। 


ঈমান ও আক্বীদাহঃ তাওবাহ মানুষের জন্য মহান আল্লাহর অন্যতম করুণা। তাওবাহ সকল পাপকে মোচন করে মানুষকে নিস্পাপ বানিয়ে ফেলে।


জ্ঞাতব্যঃ তাওবাহ অর্থ ফিরে আসা, পাপের পথ ছেড়ে সৎপথে ফিরা আসার নাম তাওবাহ এবং অতীত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নাম ইস্তিগফার। তাওবাহ ও ইস্তিগফার করলে সকল পাপ মাফ হয়ে যায়। মানুষকে প্রথম তাওবাহ করতে হয় ইসলাম গ্রহণের আগে কুফর ও শিরক থেকে। মানে যাবতীয় কুফর ও শিরক থেকে ইসলামের পথে ফিরে এসে ইসলাম গ্রহণ করতে হয়। তার পর তাওবাহ করতে হয় জীবন ভর। আর এ তাওবাহ হল পাপের পথ ছেড়ে সৎপথে ফিরে আসার তাওবাহ।   

إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَٰئِكَ هُمُ الضَّالُّونَ (90) إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَىٰ بِهِ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ (91)

যাদের তাওবাহ কবুল হয় না

৯০. আর যেসব লোক ঈমান আনার পর কুফর করল এবং কুফরকে আরো বাড়িয়ে তুলল তাদের তাওবাহ কবুল করা হবে না। আর তারা হল বিভ্রান্ত। 


ঈমান ও আক্বীদাহঃ তাওবাহ কবুলের শর্ত হচ্ছে পাপ ছেড়ে নিজেকে শুধরে নেয়া। পাপের উপর ঠিকে থাকলে তাওবাহ কবুল হয় না 


৯১. (মানুষ মারা যাবার পরও তিন ভাবে উপকৃত হতে পারে। এর একটি হচ্ছে প্রবাহমান সাদাক্বাহ। কিন্তু ইসলাম গ্রহণের পর) যে বা যারা কুফর করল এবং কুফরের উপর মারা গেল তার মুক্তিপণ হিসেবে দুনিয়া ভর্তি স্বর্ন দান করলেও কাজ হবে না। তাদের তরে কঠিন আযাব। তাদের সাহায্য করার কেউ নেই।   

(৩ আল–ই’মরান)                                                                                                                                      (পারাঃ ৪)


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ (92)


পুণ্য অর্জনে করনীয় 

৯২. তোমরা পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষন না তোমাদের প্রিয়বস্তু (আল্লাহর পথে) খরচ করবে। তোমরা যা খরচ কর আল্লাহ এব্যাপারে অবগত। 


জ্ঞাতব্যঃ আল্লাহর তরে ব্যয় করতে হয় সবচেয়ে প্রিয় বস্তু, অবহেলিত বা অপ্রিয় বস্তু আল্লাহর রাহে ব্যয় করা উচিত নয়।  


كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَىٰ نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ (93) فَمَنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ الْكَذِبَ مِنْ بَعْدِ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ (94)

উটের মাংস এবং আল্লাহর উপর মিথ্যাচার

সূত্রঃ উটের মাংস সর্বদা-ই সুখাদ্য হিসেবে পরিচিত। মানব ইতিহাসে উট সর্বদা-ই হালাল ছিল। শুধু ইয়াকুব আঃ মান্নত করে উট খাওয়া বর্জন করেছিলেন। তিনি বাত রোগে আক্রান্ত হয়ে শপথ করেছিলেনঃ আল্লাহ সুস্থতা দান করলে (সবচেয়ে প্রিয় খাবার) উঠের মাংস বর্জন করবেন। সুস্থ হবার পর তিনি উট বর্জন করে ছিলেন। কারণ উট ছিল তার সবচেয়ে প্রিয় খাবার। তার দেখাদেখি তার সন্তানরাও উটের মাংস বর্জন করতে শুরু করে। 


আল্লাহর দেয়া একটি সুখাদ্যকে এভাবে বর্জন করা আল্লাহর পছন্দ হল না। তাই তাদের সাজা স্বরূপ তাওরাতে এটাকে হারাম করা হয়। এসব ঘটনা ছিল ইবরাহীম আঃর পরে। এর সাথে ইবরাহীম আঃ বা তার আদর্শের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তথাপিও ব্যাপারটিকে ইবরাহীম আঃর সাথে সম্পৃক্ত করে এটাকে ইবরাহীমের আদর্শ হিসেবে প্রচার করত ইয়াহুদ উলামা সমাজ। তারা বলতঃ ইবরাহীম এটা হারাম করেছেন।


পটভূমিঃ একদা কতিপয় ইয়াহুদ নবী সাঃকে বললঃ আপনি বলছেন আপনি ইবরাহীমের আদর্শ মেনে চলেন। (আবার আপনি উটের মাংস খাচ্ছেন) অথচ ইবরাহীম উটের মাংস খেতেন না। (কারণ আল্লাহ এটা হারাম করেছেন।) তাদের এমন মিথ্যা দাবীকে খন্ডন করে নাযিল হয়ঃ (জালালাইন)

 

৯৩-৯৪. তাওরাত নাযিলের আগে সকল প্রকার (হালাল) খাবার-ই বনী-ইসরাঈলের জন্য হালাল ছিল, তবে শুধু ইসরাঈল (মান্নত করে) একটি খাবার (উট) নিজের জন্য নিষিদ্ধ করেছিল। (হে নবী! তাদেরকে) বলো! (তোমরা বলছ আল্লাহ্‌ এটা হারাম করেছেন।) তাওরাত আনো এবং পাঠ কর যদি তোমরা সত্যবাদী হও। (এটা-ই হল আসল ঘটনা) এতদসত্ত্বেও যারা আল্লাহর উপর মিথ্যাচার করে তারা পাপিষ্ঠ। 


ঈমান ও আক্বীদাহঃ আল্লাহ আমাদের রাব্ব। আমাদের জন্য বৈধ-অবৈধ, করনীয়-বর্জনীয়, হালাম-হারাম নির্ধারনের একমাত্র বৈধ অধিকারী হলেন আল্লাহ। আল্লাহর নির্ধারিত কোনো হারামকে হালাল বা হালালকে হারাম বলা আল্লাহর উপর মিথ্যাচারের শামিল। এমন করা কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। উল্লেখ্য আজকাল আমাদের সমাজে দুই ধরণের হারাম পরিলক্ষিত হয়। যথাঃ মানসূস হারাম ও মুজতাহাদ হারাম। 


মানসূস হারামঃ যে হারামের কথা কুরআন বা মুতাওয়াতির হাদীছে স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে এটা হল মানসূস হারাম। যেমনঃ মৃত পশুপাখি, শূকরের মাংস এবং প্রবাহমান রক্ত। এসব বস্তু হারাম হওয়ার কথা আল-কুরআনে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। মানসূস হারামকে হালাল বা মানসূস হালালকে হারাম মনে করা ঈমান বিনষ্টকারী মহাপাপ। 


মুজতাহাদ হারামঃ যে হারাম কুরআন বা হাদীছে স্পষ্ট ভাবে বর্ণিত হয়নি। বরং ফিক্বহী নিয়মে পড়ে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এটা মুজতাহাদ হারাম। মুজাতাহাদ হারাম আসলে হারাম নয়। বরং এগুলো আসলে মাকরূহ। ইসলামের প্রথম যোগে এগুলোকে মাকরূহ হিসেবে-ই মানা হত। তারপর এলো ফিক্বহ বিশ্লেষণের যোগ। তখন এগুলোকে বলা হল মাকরূহ তাহরিমী। তারপর মাকরূহ তাহরিমীকে বিশ্লেষণ করে বলা হল “হারামের কাছাকাছি”। আর বর্তমানে অতি বাড়াবাড়ি করে অনেকে-ই এসব বিষয়কে বলছেন হারাম আর কেউ কেউ বলছেন সাফ হারাম। যেমনঃ কচ্ছপ, ডলফিন বা কাকড়া খাওয়া। মুজতাহাদ হারামের ব্যাপারে ভিন্নমত থাকা স্বাভাবিক। এসব ব্যাপারে দলীল ভিত্তিক ভিন্নমত গ্রহণ যোগ্য এবং এতে পাপ হয় না।


বিঃ দ্রঃ = মুজতাহাদ হারাম আসলে হারাম নয়। শারীয়া’হ মতে এসব বিষয়কে হারাম বলা যায় না। ফিক্বহের পরিভাষায় এসবকে মাহরূহ (তাহরিমী) বলা হয়। কিন্তু আজকাল অনেক আলিমই এসব বিষয়কে বলে থাকেন হারাম বা সাফ হারাম। 

قُلْ صَدَقَ اللَّهُ ۗ فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (95)


দ্বীন পালন করতে হয় হানীফ পদ্ধতিতে  

৯৫. বলো! আল্লাহ সত্য বলেছেন। সুতরাং তোমরা সবাই “হানীফ” পদ্ধতিতে ইবরাহীমের আদর্শ অনুকরণ করবে। আর (মনে রাখবে) সে কখনো মুশরিক ছিল না।


জ্ঞাতব্যঃ সকল মত ও পথ, সকল নীতি আদর্শ ও দর্শন বাদ দিয়ে একক ভাবে আল্লাহর দ্বীন ও বিধান মেনে চলার নাম “হানীফ” পদ্ধতিতে দ্বীন মেনে চলা।   

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ (96) فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ (97)

মানব কল্যাণে নির্মিত প্রথম ঘর এবং মাক্বামু ইবরাহীম 

৯৬-৯৭. (ইয়াহুদ দাবী করত তাদের ক্বিবলাহ-ই আসল, তাদের ক্বিবলাহ মানব ইতিহাসে সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী। তাদের এমন দাবীকে খন্ডন করে নাযিল হল) 

মানব কল্যাণে নির্মিত প্রথম ঘর এটা-ই যা বাক্কায় (মাক্কায়) অবস্থিত, যা বরকতময় এবং বিশ্ববাসীর পথিকৃৎ। তাতে রয়েছে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন (যেমনঃ স্বাফা, মারওয়া, রুকন, হাজর আসওয়াদ, হাতীম, যামযাম, ইত্যাদি। আর এসবের একটি হচ্ছে) “মাক্বামু ইবরাহীম”। যে এখানে প্রবেশ করল সে নিরাপদ। মানুষের উপর ফরজ হলো আল্লাহর জন্য হাজ্জ করা (আর এ ফরজ শুধু তার জন্য) যে ব্যক্তি এখানে পৌছাতে সক্ষম হবে। আর (সাধ্য থাকা সত্ত্বেও) যে ব্যক্তি (হাজ্জ) করবে না (সে জেনে রাখুক) আল্লাহ কারো মুখাপেক্ষী নন।


জ্ঞাতব্যঃ মাক্বাম অর্থ দাঁড়ানোর স্থান। মাক্বামু ইবরাহীম অর্থ ইবরাহীমের দাঁড়ানোর স্থান। ইবরাহীম আঃর একটি বিশেষ পাথর ছিল। পাথরটিতে ইবরাহীম আ.র পদচিহ্ন রয়েছে। এ পাথরকে বলা হয় “মাক্বামু ইবরাহীম”। পাথরটিতে কী ভাবে ইবরাহীম আ.র পদচিহ্ন পড়েছে এ নিয়ে দুধরণের বর্ণনা পাওয়া যায়। যেমন.. 

  • কা’বাহ নির্মাণকালে তিনি এ পাথরে উঠতেন। পাথরটি তাকে নিয়ে স্বয়ংক্রিয় ভাবে উঠানামা করত। যেখানে প্রয়োজন সেখানে দাড়িয়ে থাকত। (ক্বুরতুবী, জালালাইন) 
  • কা’বাহ নির্মাণের পর ইবরাহীম আ. এ পাথরটিতে দাঁড়িয়ে ছিলেন। তখন পাথরটির উপর ইবরাহীম আঃর পদচিহ্ন পড়ে গিয়েছে। (হাশিমী)  

বর্তমান মাত্বাফে পাথরটিকে বিশেষ ভাবে রাখা হয়েছে। তাওয়াফের পর এ পাথরকে সামনে রেখে দুই রাকায়া’ত সালাত আদায় করা হয়।   

قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعْمَلُونَ (98) قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنْتُمْ شُهَدَاءُ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (99)


আল্লাহর দ্বীনের বক্রতা অনুসন্ধান করা বা প্রতিবন্ধকতা তৈরি করা কুফর 

৯৮. বলো! হে আহলে কিতাব! কেন তোমরা আল্লাহর বিধান অমান্য করছ? অথচ তোমরা জান (যে এটা-ই সঠিক।)


৯৯. বলো! হে আহলে কিতাব! কেন তোমরা (আল্লাহর দ্বীনে) বক্রতা অনুসন্ধান করে এমন লোকদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছ যারা ঈমান আনতে আগ্রহী? অথচ তোমরাই সাক্ষী (যে মুহাম্মাদের আনিত দ্বীন-ই সঠিক। তোমরা যা করছ এসব মহাপাপ) আল্লাহ বে-খবর নন তোমাদের কাজ সম্পর্কে। 


ঈমান ও আক্বীদাহঃ আল্লাহর পথে বাঁধার সৃষ্টি করা অথবা দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার, দ্বীনি শিক্ষা বা দ্বীন প্রতিষ্ঠায় প্রতিবন্ধক হওয়া ঈমান বিনষ্টকারী মহাপাপ। কোনো মুসলিম এমন করলে তার ঈমান নষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায় আর সে হয়ে যায় চির জাহান্নামী মুনাফিক। এমন লোক মারা গেলে তার জন্য দোয়া করা বা তার জানাযা পড়াও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪)   

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا فَرِيقًا مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ (100) وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَىٰ عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ (101)


জাতীয় ঐক্য বনাম বিভাজন ও বিভক্তি

পটভূমিঃ আউস ও খাযরাজ মদীনার দুটি প্রসিদ্ধ গোত্র। গোত্র দুটির মাঝে যুদ্ধ লেগে-ই থাকত। অস্ত্র ব্যবসা ও সূদী কারবারের স্বার্থে এতে ইন্ধন দিত ইয়াহুদ। 

রাসূল সাঃ মদীনাহ আসার পর ইসলামের প্রভাবে আউস ও খাযরাজ ভাই ভাই হয়ে যায়, থেমে যায় যোগ যোগ ধরে চলমান যুদ্ধ। তখন ইয়াহুদ তাদেরকে পুরানা শত্রুতার কথা মনে করিয়ে দিতে থাকে এবং এক পর্যায়ে আবার যুদ্ধের উপক্রম হয়। এমন পরিস্থিতি বর্ণনা করে নাযিল হল..


১০০. মুঅমিনগণ! তোমরা যদি আহলে কিতাবের অনুকরণ কর তবে তারা তোমাদের (পরস্পরে যুদ্ধ বাধিয়ে দেবে এবং) ঈমানের পর তোমাদেরকে আবার কুফরে ফিরিয়ে নেবে।


১০১. তোমরা কেন কুফর করবে? অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াত (কিতাব, বিধান) ও আল্লাহর রাসূল বিদ্যমান। যে ব্যক্তি মজবুত ভাবে আল্লাহকে আঁকড়ে থাকবে তাকে সোজা পথে পরিচালিত করা হবে। 


জ্ঞাতব্যঃ দলাদলি কখনো যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় এবং পরস্পরে যুদ্ধ কখনো কুফর পর্যন্ত পৌছে দেয়। মুসলমানদের জাতীয় ঐক্য বজায় রাখা ফরজ এবং জাতীয় ঐক্য বিনষ্ট করে দলাদলি করা কুফর। তখনকার দিনে এমন কুফর করে বিভ্রান্ত হয়েছিল ইয়াহুদ আর বর্তমানে এমন কুফরে জড়িয়ে পড়েছে আমাদের অনেকেই। 

কুফর ঈমান বিনষ্টকারী মহাপাপ। কুফর করলে ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল নিস্ফল ও বরবাদ হয়ে যায়। কুফর থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ কিতাব ও রাসূল সাঃর আদর্শ আঁকড়ে থাকা।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (102)


তাকওয়া ও আত্মসমর্পণ

১০২. ওহে যারা ঈমান এনেছো! (শোনো!) তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর, যথাযথ তাকওয়া। আর (শোন! পরিপূর্ণ ভাবে) আত্মসমর্পণ না করে যেন তোমাদের মৃত্যু না হয়।


জ্ঞাতব্যঃ উক্ত আয়াত নাযিলের পর সাহাবাগণ ভাবনায় পড়ে গেলেন, বললেনঃ এমন সাধ্য কার আছে (যে যথাযত ভাবে আল্লাহর তাকওয়া অর্জন করবে)? রাসূল সাঃ বললেন আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ কর। সাহাবাগণ আল্লাহর বিধানকে পরিপূর্ণ ভাবে মেনে নিয়ে আত্মসমর্পণের ঘোষণা দিলেন। পরে নাযিল হলঃ তোমরা আল্লাহর তাকওয়া অর্জন কর তোমাদের সাধ্য অনুযায়ী। (তাগাবুনঃ ১৬) অর্থাৎ সূরাহ তাগাবুনের আয়াত দ্বারা উক্ত আয়াতের বিধানকে রহিত করা হয়েছে।

 

 

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (103)

 

জাতীয় ঐক্য বজায় রাখা ফরজ এবং ঐক্য ভঙ্গ করা কুফর 

১০৩. আর (শুনো!) তোমরা (দুনিয়ার সকল মুসলিম) ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর আদর্শ আঁকড়ে থাকো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ কর, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, আল্লাহ (ইসলামী ভাতৃত্ববোধের মাধ্যমে) তোমাদের অন্তরকে পরস্পরে মিলিয়ে দিয়েছেন। আল্লাহর দয়ায় তোমরা এখন ভাই ভাই হয়ে গেছো।


জ্ঞাতব্যঃ ইসলামের মূল শিক্ষা সামাজিক ও জাতীয় ঐক্য। দুনিয়ার সকল মুসলিম থাকবে একতাবদ্ধ, একই সমাজ ভুক্ত, একই নেতা ও একই শাসনের আওতাধীন। মুসলিম ঐক্যের এ একক ফর্মূলার নাম খিলাফাহ। আল্লাহর আদেশ পালন করে ঐক্যবদ্ধ জাতি গঠন করে ছিলেন রাসূল সাঃ। পরে এ ধারাবাহিকতা বজায় রেখেছিলেন সম্মানিত খালীফাহগণ। 

  • প্রথমে খুলাফা রাশিদীন, 
  • তারপর উমাইয়্যাহ খিলাফাহ, 
  • তারপর আব্বাসীয় খিলাফাহ, 
  • সবশেষে উছমানী খিলাফাহ। 

কিন্তু ১৯২৪ ঈসায়ী সনে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ধ্বংস করা হয় ইসলামী খালীফাহ। তখন.. 

  • রাসূল সাঃর হাতে গড়া তাওহীদী সমাজ ভেঙ্গে গঠন করা হয় কুফরি সমাজ। 
  • কুরআনের বিধান বাদ দিয়ে চালু করা হয় মানব রচিত ও মনগড়া বিধান। 
  • এক জাতি ভেঙ্গে তৈরি করা হয় অনেক জাতি। 
  • মুসলিম জাতীয়তাবাদের জাগায় চালু করা হয় আঞ্চলিক জাতীয়তাবাদ। 
  • খিলাফাহর জাগা দখন করে নেয় গণতান্ত্রিক রাজনীতি। 
  • ইসলামী অর্থনীতির বদলে চালু করা হয় পুঁজিবাদী অর্থনীতি। 
  • ওহী ভিত্তিক শিক্ষানীতির জাগায় চালু করা হয় বস্তুবাদী শিক্ষানীতি। 

এভাবে জাতীয় ঐক্য ধ্বংস করে আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয়।

 

বিশেষ হুঁশিয়ারিঃ

  • উম্মতের মাঝে বিভেদ ও বিভাজন তৈরি করে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া কুফর, ঈমান বিনষ্টকারী মহাপাপ। (দেখুনঃ আল-ইমরানঃ ১০৩, ১০৫, আনয়া’মঃ ১৫৩, ১৫৯, তাওবাহঃ ১০৭, ত্বাহাঃ ৯৪, রূমঃ ৩২, শুরাঃ ১৪)। 
  • বিভক্তি, বিভাজন বা দলাবাজির মূল কারণ ব্যক্তি বা গোষ্টির স্বার্থ সংরক্ষণ এবং প্রতিহিংসা। (দেখুনঃ ৪২ শুরাঃ ১৪) 
  • যারা উম্মতের মাঝে বিভক্তি বা বিভাজন তৈরি করে রাসূল সাঃর সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। (দেখুনঃ ৬ আনয়া’মঃ ১৫৯) 
  • আবু-হুরাইরাহ রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেনঃ ইয়াহুদ ৭১ (অথবা বলেছেন ৭২) দলে বিভক্ত হয়েছিল। খৃষ্টানরাও তাই। আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এরা সবাই জাহান্নামী হবে একটিমাত্র দল ছাড়া। লোকজন বললঃ ইয়া রাসূলাল্লাহ! ওই দল কোনটি? বললেনঃ যারা আমার ও আমার সাহাবাদের আদর্শে অবিচল থাকবে। (আবু-দাউদঃ ৪৫৯৬, তিরমিযীঃ ২৬৪০, ইবন মাজাঃ ৪৭৯। হাদীছটি সাহীহ)
  • সূরাহ আনয়া’মের ১৫৯ তম আয়াতের ভাস্য মতে যেহেতু রাসূলের সাথে দলবাজদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাতে বুঝা যায় জান্নাতে শুধু তারাই যাবে যারা দলবাজি করবে না। 

  

 وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ۚوَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (104)

 

সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ 

১০৪. তোমাদের (ইসলামী সমাজের) মাঝে এমন একদল মানুষ বিদ্যমান থাকা আবশ্যক যারা (মানুষকে) কল্যাণের দিকে আহ্বান করবে, মা’রূফের (তথা সৎকাজের, আইন ও রীতি মেনে চলার) আদেশ করবে আর মুনকার (তথা অসৎকাজের, আইন ও রীতি বহির্ভূত কাজ) থেকে নিষেধ করবে। আর (যে সমাজে এব্যবস্থা চালু থাকবে) তারাই সফল হতে পারবে।  

 

জ্ঞাতব্যঃ দ্বীন প্রতিষ্ঠা ও দ্বীনের প্রতিরক্ষানীতির নাম জিহাদ ফী সাবীলিল্লাহ। যারা জিহাদ করে তাদের বলা হয় মুহাজিদ। মুজাহিদরা হল ইসলামের সামরিক বাহিনী।


ইসলামী সমাজ প্রতিষ্ঠার পর সমাজের সৃংখলা বজায় রাখার সবচেয়ে কার্যকর নীতি হচ্ছে “আমর বি-ল-মা’রূফ ওয়া নাহি আনি-ল-মুনকার”। আমাদের সমাজে যাকে বলা হয় সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ। যেসব লোক এ দায়িত্ব পালন করবে তারা হল ইসলামী সরকারের আইন সৃংখলা রক্ষাকারী বিশেষ বাহিনী।


ইসলামী সরকারের দায়িত্ব হল সমাজে এমন একদল মানুষকে নিয়োগ দেয়া যারা হবে ইসলামী বিধানের ব্যাপারে অভিজ্ঞ, বিচারিক জ্ঞান সম্পন্ন। সমাজ ও সরকারের পক্ষ থেকে উনাদেরকে বিচারিক ক্ষমতাও দেয়া হবে। উনারা সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজে নিষেধ করবে তথা জনসাধারণের আইন ও রীতি মেনে চলা নিশ্চিত করবে এবং অবৈধ, বেআইনি ও রীতি বিরোধী কাজ থেকে সাধারণ মানুষকে বিরত রাখবে। ইসলামী সরকার ও সমাজের উপর এটা একটি ফরজ দায়িত্ব। (সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ সম্পর্কে জানতে এ তাফসীরের ভূমিকাতে দেয়া প্রবন্ধটি দেখে নিন)

وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚوَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ (105)


দলবাজদের সমর্থন করাও নিষিদ্ধ 

১০৫. আর (হে আমার বান্দারা!) তোমরা তাদের মত হইও না! যারা পরস্পরে মতবিরোধ করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে (ভিন্নমতকে ভিন্ন পথ বানিয়ে ফেলেছে) অথচ তাদের কাছে বিদ্যমান ছিল সুস্পষ্ট প্রমান (আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব বিদ্যমান থাকা সত্ত্বেও অতীতে যারা দলাদলি করেছে এবং তোমাদের যারা দলাদলি করবে) তাদের তরে মহা আযাব।


আইন ও বিধানঃ উক্ত আয়াতে তাদের সঙ্গ দিতে এবং সমর্থন করতে নিষেধ করা হয়েছে যারা পরস্পরে মতবিরোধ করে দলে দলে বিভক্ত হয়ে যায় অর্থাৎ যারা ভিন্নমতকে ভিন্ন পথ বানিয়ে ফেলেছে এবং বানিয়ে ফেলছে। তাই ইসলামী বিধান মতে বিবাদ, বিভক্তি, বিভাজন ও দলাদলি যেমন নিষিদ্ধ ঠিন তেমনিভাবে যারা এসব জঘন্য কাজ করে তাদের সঙ্গ দেওয়া বা তাদের সমর্থন করাও নিষিদ্ধ, হারাম।


ঈমান ও আক্বীদাহঃ ইসলামে দলীল ভিত্তিক ভিন্নমত অনুমোদিত হলেও বিভক্তি, বিভাজন, দলাদলি ও ভিন্ন পথ বানানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। যারা এমন করে তারা বিভ্রান্ত। অতীতে দ্বীন নিয়ে দলাদলি করে বিভ্রান্ত হয়েছিল ইয়াহুদ আর বর্তমানে একই পথে বিভ্রান্ত হচ্ছে আমাদের কত মানুষ। দলবাজদের সঙ্গ দেয়া বা তাদের সমর্থন করাও নিষিদ্ধ। 


উল্লেখ্য দলীল ভিত্তিক ভিন্নমত আর ভিন্ন পথ এক নয়। দলীল ভিত্তিক ভিন্নমত ইসলামে অনুমোদিত। তবে এ ভিন্নমতকে ভিন্ন পথ বানিয়ে ফেললে এটা দলাদলি বা দলবাজিতে পরিণত হয়। আর আজকাল অনেক ক্ষেত্রে এমন-ই করা হচ্ছে। (দ্বীন নিয়ে দলাদলি সম্পর্কে জানতে দেখুনঃ সুরাহ মুঅমিনূনঃ ৫৩ এবং এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন আমাদের বই “ভিন্নমত ভিন্ন পথ জাতীয় ঐক্য ও বিজাতীয় অনুকরণ”।)


يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ (106) وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ (107)


ঈমান আনার পর কুফর করার পরিণাম 

১০৬. সে দিন (হাশরের দিন) কিছু মুখ হবে উজ্জল আর কিছু মুখ হবে মলিন। যাদের মুখ মলিন হবে (তাদেরকে বলা হবে) তোমরা ঈমানের পর কুফর করেছিলে..? তাই আযাব আস্বাদন কর। তোমরা যে কুফর করেছ এটা হল এর পরিণতি।


ঈমান ও আক্বীদাহঃ ঈমান আনা সত্ত্বেও অনেক মানুষ-ই কুফর শিরকে জড়িয়ে পড়ে। (দেখুন সূরাহ ইউসুফঃ ১০৬) কোনো মানুষ ঈমান আনার পর কুফর শিরকে জড়ি পড়লে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক আখেরাতে চির জাহান্নামী। মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। মুনাফিক মারা গেলে তাদের জন্য দোয়া করা বা তাদের জানাযায় শরীক হওয়াও নিষিদ্ধ। (দেখুন সূরাহ তাওবাহঃ ৮৪) 

(মুসলিম ৩ প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক। এ সম্পর্কে দেখুন সূরাহ বাকারাহঃ ৭)

(মুনাফিক সম্পর্কে জানতে দেখুনঃ আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র মুনাফিক অধ্যায়)

 

১০৭. আর যাদের মুখ উজ্জল হবে তারা থাকবে আল্লাহর রহমতে (তথা জান্নাতে।) তারা সেখানে চিরকাল থাকবে।  

تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ وَمَا اللَّهُ يُرِيدُ ظُلْمًا لِلْعَالَمِينَ (108) وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ (109)


আল্লাহর বিধান ও সার্বভৌমত্ব

১০৮. এসব হল আল্লাহর আয়াত (কিতাব ও বিধাণ,) আমরা এসব তোমার কাছে বর্ণনা করছি যথাযত ভাবে, আল্লাহ বিশ্ববাসীর প্রতি অবিচার করতে চান না।  


১০৯. আসমানসমূহে এবং যমীনে যা কিছু আছে, এ-সবকিছুর সার্বিক মালিকানা আল্লাহর। সবকিছু প্রত্যাবর্তিত হচ্ছে আল্লাহর দিকে-ই। 


জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকারঃ বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা। 

  • যে মালিকানা আইনের আওতাধীন, যে মালিকানায় জবাবদিহিতা আছে, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায় না, এটা হল বিধিবদ্ধ মালিকানা। 
  • যে মালিকানা কোনো আইন বা নিয়মের আওতাধীন নয়, যে মালিকানায় কোনো জবাবদিহিতা নেই, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায়, এটাকে বলে সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। 

সে মতে একমাত্র আল্লাহর মালিকানা-ই সার্বিক ও সার্বভৌম। আল্লাহ ছাড়া বাকি সকলের মালিকানা বিধিবদ্ধ।

 

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗوَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ (110)


উত্তম জাতি হবার উপায় 

১১০. (হে মুসলিম জাতি!) তোমরা-ই উত্তম জাতি, মানবতার কল্যাণে তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে, তোমরা আদেশ করবে মা’রূফের (সৎকাজের, আইন ও রীতিনীতি মেনে চলার) আর নিষেধ করবে মুনকার (অসৎকাজ, আইন ও রীতিনীতি ভঙ্গ করা) থেকে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আহলে কিতাব যদি ঈমান আনত তবে তাদের জন্য ভালো-ই হত। কিন্তু তাদের কিছু মানুষ মুঅমিন আর অধিকাংশ-ই পাপিষ্ঠ (কাফির।)


জ্ঞাতব্যঃ মহান আল্লাহ্‌ আমাদের এ জাতিকে উত্তম জাতি বলেছেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা মা’রূফ তথা সৎকাজ এবং আইন ও রীতিনীতি মেনে চলার আদেশ করব এবং মুনকার তথা অসৎকাজ এবং আইন ও রীতিনীতি বিরুধী সকল কাজ থেকে নিষেধ করব। আর যে সমাজে এ নীতি মানা হবে এটা-ই হবে উত্তম সমাজ।

ইসলামী সরকার ও নেতাদের দায়িত্ব হল সমাজে এমন একদল মানুষকে নিয়োগ দেয়া যারা হবে ইসলামী বিধানের ব্যাপারে অভিজ্ঞ, বিচারিক জ্ঞান সম্পন্ন। সমাজ ও সরকারের পক্ষ থেকে উনাদেরকে বিচারিক ক্ষমতাও দেয়া হবে। উনারা মা’রূফের আদেশ করবে এবং মুনকার থেকে নিষেধ করবে। ইসলামী সরকার ও সমাজের উপর এটা হল ফরজ দায়িত্ব। (সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিশেধ সম্পর্কে জানতে এই তাফসীরের ভূমিকাতে দেয়া প্রবন্ধটি দেখে নিন)

لَنْ يَضُرُّوكُمْ إِلَّا أَذًى وَإِنْ يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُونَ (111) ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِنَ اللَّهِ وَحَبْلٍ مِنَ النَّاسِ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ۚذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَٰلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (112) لَيْسُوا سَوَاءً مِنْ أَهْلِ الْكِتَابِ أُمَّةٌ قَائِمَةٌ يَتْلُونَ آيَاتِ اللَّهِ آنَاءَ اللَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ (113) يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَ (114) وَمَا يَفْعَلُوا مِنْ خَيْرٍ فَلَنْ يُكْفَرُوهُ وَاللَّهُ عَلِيمٌ بِالْمُتَّقِينَ (115) إِنَّ الَّذِينَ كَفَرُوا لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللَّهِ شَيْئًا وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (116) مَثَلُ مَا يُنْفِقُونَ فِي هَٰذِهِ الْحَيَاةِ الدُّنْيَا كَمَثَلِ رِيحٍ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوا أَنْفُسَهُمْ فَأَهْلَكَتْهُ وَمَا ظَلَمَهُمُ اللَّهُ وَلَٰكِنْ أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (117)

ইয়াহুদীদের অপকর্ম

১১১. তারা (ইয়াহুদ) তোমাদের তেমন ক্ষতি করতে পারবে না, শুধু সাময়িক কষ্ট দেয়া ছাড়া। তোমাদের সাথে যুদ্ধ করলে তারা পালিয়ে যাবে। তখন তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। (১১১-১২০ পর্যন্ত আয়াত ইয়াহুদীদের ব্যাপারে)


১১২. তাদের উপর ঢেলে দেয়া হয়েছে লাঞ্ছনা। তারা যেখানে-ই অবস্থান করুক আল্লাহর (প্রতিনিধি হিসেবে মুসলিমদের) বা অন্য মানুষের আশ্রয়ে থাকতে হবে। তারা আল্লাহর গজবে পতিত হয়েছে, তাদের উপর ঢেলে দেয়া হয়েছে নিরাপত্তাহীনতা। কারণ তারা আল্লাহর বিধান অমান্য করেছে, অন্যায় ভাবে নবীগণকে হত্যা করেছে। আর এসবের কারণ তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘন। (অবাধ্যতা ও সীমা লঙ্ঘন মানুষকে কুফরের দিকে ধাবিত করে)

 

১১৩. তাদের সকলে আবার সমান নয়। আহলে কিতাবের কিছু মানুষ (সত্যের উপর) প্রতিষ্ঠিত, যারা রাতে আল্লাহর আয়াত (কিতাব) পাঠ করে এবং (আল্লাহকে) সিজদাহ করে,   


১১৪. তারা আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে, মা’রূফের আদেশ করে এবং মুনকার থেকে নিষেধ করে আর ভাল কাজে প্রতিযোগিতা করে। (যারা এমন করে) তারাই সৎলোক। 


১১৫. তারা যেসব সৎকর্ম করবে এসবের অবমূল্যায়ন করা হবে না। মুত্তাক্বীদের ব্যাপারে আল্লাহ খুব অবগত। (যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুফর শিরক ও পাপাচার থেকে বিরত থাকে তাকে মুত্তাক্বী বলা হয়।)

 

১১৬. যারা কুফর করবে তাদের সম্পদ বা সন্তান তাদেরকে আল্লাহ (আযাব) থেকে বাঁচাতে পারবে না। তারা হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে, 


জ্ঞাতব্যঃ মুঅমিন ও ফাসিকদের নেক সন্তান এবং আল্লাহর পথে ব্যয়কৃত সম্পদ আখেরাতে কাজে আসবে। আর কাফির, মুশরিক, নাস্তিক ও মুনাফিকদের সন্তান ও সম্পদ নেক হলেও এবং তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় হলেও এ সন্তান ও সম্পদ তাদের কোনো কাজে আসবে না। এমনকি তাদের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না।


১১৭. (যারা কুফর করে) তারা দুনিয়ার জীবনে যে সব দান খয়রাত করে এসবের উপমা হল পাপিষ্ঠদের ফসলের উপর বয়ে যাওয়া সর্বনাশা ঝড়ের মত, যা সবকিছু ধ্বংস করে দেয়। (আখেরাতে তারা দান খয়রাতসহ কোনো কাজের ফল পাবে না। তাদের কর্মফল নস্যাৎ করে) আল্লাহ তাদের উপর অবিচার করেননি, বরং (আল্লাহর বিধান অমান্য করে) তারাই নিজের উপর অবিচার করেছে। 


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا بِطَانَةً مِنْ دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ ۚقَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ ۖإِنْ كُنْتُمْ تَعْقِلُونَ (118) هَا أَنْتُمْ أُولَاءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِالْكِتَابِ كُلِّهِ وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ ۚ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (119) إِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ (120)


কাফিরদের আপন করে নেওয়ার পরিণতি 

১১৮. ওহে যারা ঈমান এনেছ (শোন!) তোমরা নিজেদের লোক (তথা মুঅমিন) ব্যতীত অন্যকে (তথা কোনো কাফির, মুশরিক, আহলে কিতাব বা মুনাফিককে) একান্ত আপনজন হিসেবে গ্রহণ করো না। কারণ তোমাদের ক্ষতি সাধনের কোনো সুযোগই তারা হাত ছাড়া করবে না। তারা চায় তোমরা ক্ষতিগ্রস্থ হও। (মাঝে মাঝে) তাদের মুখ থেকে শত্রুতা বেরিয়ে আসে। তাদের অন্তরে যা লুকানো রয়েছে এটা বড়-ই জঘন্য। আমি তোমাদের জন্য আমার আয়াত পরিষ্কার করে বর্ণনা করছি। যদি তোমরা বুঝতে পারতে..

 

১১৯. তোমরা তাদের পছন্দ কর, অথচ তারা তোমাদের পছন্দ করে না। তোমরা সকল কিতাব বিশ্বাস কর (কিন্তু তারা তোমাদের কিতাব বিশ্বাস করে না, আদর্শগত ভাবে তারা দ্বিমুখী) তোমাদের সাক্ষাতে তারা (মুঅমিণ হওয়ার অভিনয় করে এবং) বলেঃ আমরাও মুঅমিন আর অন্তড়ালে তোমাদের উপর গুস্বায় দাঁত কামড়ায়। (সুতরাং তাদেরকে আপন করে কাছে জায়গা দিয়ে ক্ষতি করার সুযোগ করে দিও না। বরং) বলে দাওঃ তোমরা তোমাদের গুস্বা নিয়ে-ই মরো। নিশ্চয় আল্লাহ অন্তরের খবর রাখেন। 


১২০. তোমাদের সুখে তারা ব্যথিত হয় আর তোমাদের দুঃখে প্রফুল্ল হয়। তোমরা অবিচল থাকলে, সাবধান থাকলে তারা (তেমন) ক্ষতি করতে পারবে না। তাদের সবকিছু-ই আছে আল্লাহর বেষ্টনীতে। 

وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (121) إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا ۗوَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (122) وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (123)

অহুদ যুদ্ধে গমন

১২১. (এখান থেকে অহুদ যুদ্ধের আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত এসেছে অর্থনীতি ও মুনাফিকীর আলোচনা। রাসূল সাঃকে সম্বোধন করে মহান আল্লাহ্‌ তায়া’লা বলছেনঃ স্মরণ কর) তুমি যখন সকালবেলা পরিবার থেকে বের হয়ে মুঅমিনদেরকে যুদ্ধ ক্ষেত্রে নিয়ে যাচ্ছিলে। (আল্লাহ এটা প্রত্যক্ষ করেছেন) আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

  

১২২. যখন তোমাদের মাঝে দুটি গোত্র (বনী-সালিমাহ ও বনী-হারিছাহ) কাপুরুষতা করার (যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার) ইচ্ছা করেছিল। কিন্তু আল্লাহ তাদের অভিভাবক হয়ে (তাদের অবিচল রেখে) ছিলেন। মুঅমিনদের উচিত শুধু আল্লাহর উপরই ভরসা রাখা।

  

১২৩. (হে মুসলিমগণ! স্মরণ কর) নিকট অতীতে বদর যুদ্ধেও আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, তখন তোমরা দুর্বল (হলেও মুত্তাক্বী) ছিলে। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া বজায় রাখো, যেন তোমরা শোকর করতে পার। 

(আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে তাকে বলা হয় মুত্তাক্বী। আর কখনো কোনো পাপ হয়ে গেলে তৎক্ষণাৎ তাওবাহ ও ইস্তিগফার করা মুত্তাক্বীদের অন্যতম বৈশিষ্ট্য।) 

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ (124) بَلَىٰ إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ مِنْ فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ (125) وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَىٰ لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ ۗوَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ (126) لِيَقْطَعَ طَرَفًا مِنَ الَّذِينَ كَفَرُوا أَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوا خَائِبِينَ (127)


তিন হাজার ফিরিস্তার সাহায্য

১২৪. (অহুদ যুদ্ধে মুসলিম সৈন্য ছিল ১০০০ জন, মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই এর মাঝে ৩০০ সেনা নিয়ে পালিয়ে গেলে বাকি থাকেন ৭০০ জন। আর মুশরিক সেনা ছিল ৩০০০। বিষয়টির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়.. হে নবী!) 

তুমি যখন মুঅমিনদের (উৎসাহ দিয়ে) বলছিলেঃ রাব্ব যদি তিন হাজার ফিরিস্তা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন তবে কি তোমাদের জন্য যথেষ্ট হবে..? 


১২৫. (রাসূল সা.’র এমন আশ্বাসের ব্যাপারে আল্লাহ বললেন) অবশ্যই, তোমরা যদি অবিচল থাকো, সাবধান থাকো আর শত্রু যদি অতর্কিত হামলা চালায় তবে তোমার রাব্ব পাঁচ হাজার ফিরিস্তার বিশেষ বাহিনী দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন।


১২৬. আল্লাহ এটা করেছেন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, যাতে তোমাদের অন্তরে প্রশান্তি বজায় থাকে। নতুবা সাহায্য তো শুধু আল্লাহ থেকে-ই হয়, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। 


১২৭. (আল্লাহ এমনটি করেছেন) কিছু কাফিরকে নিঃশেষ করতে, তাদের লাঞ্ছিত করতে, যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়।  

لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ (128) وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (129)


কারো তাওবাহ কবুল করা বা কাউকে আযাব দেওয়া রাসূলের এখতিয়ারাধীন নয়

পটভূমিঃ মুসলিমের এক বর্ণনা মতে অহুদ যুদ্ধে রাসূল সাঃর দাঁত ভেঙ্গে গিয়ে ছিল, মাথা ফেটে রক্ত ঝরছিল। রাসূল সাঃ তখন বলেছেনঃ ওই জাতি কি করে সফল হবে? যারা তাদের রাসূলের মাথা ফাটিয়ে দেয়, দাঁত ভেঙ্গে দেয় অথচ তিনি তাদেরকে আল্লাহর প্রতি ডাকছেন? এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়..

 

১২৮. (হে নবী!) তাদের তাওবাহ কবুল করা বা পাপের কারণে তাদের সাজা দেয়ার বিষয়টি তোমার এখতিয়ারাধীন নয়।     


১২৯. আসমানসমূহ এবং যমীনে যাকিছু আছে এ সবকিছুর সার্বিক মালিকানা আল্লাহর। তিনি যাকে খুশী ক্ষমা করেন আর যাকে ইচ্ছা আযাব দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়াময়। 

(মালিকানা ও সার্বভৌমত্ব সম্পর্কে জানতে এই সূরার ১০৯ তম আয়াত দেখে নিন)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (131) وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (132) وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ (133)


সুদ হারাম

১৩০. ওহে যারা ঈমান এনেছো! (শোন!) তোমরা সূদ গ্রহণ করো না যা চক্রবৃদ্ধি হারে বাড়তে-ই থাকে। তোমরা বরং আল্লাহর তাকওয়া অর্জন কর, এতেই তোমরা সফল হতে পারবে। 


আইন ও বিধানঃ সূদ হারাম। সূদকে বৈধ মনে করা বা নীতগতভাবে সূদ হারাম হওয়াকে অবজ্ঞা করা কুফর। আর হারাম জেনেও সূদ গ্রহণ করা মহাপাপ।   

 

১৩১. আর ওই আগুন থেকে বাঁচ, যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। 


১৩২. তোমরা (পাপের পথে না গিয়ে) আল্লাহ ও রাসূলের আনুগত্য কর, এতে তোমাদের প্রতি দয়া করা হবে।


১৩৩. এবং প্রভূর ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে চলো, যার প্রশস্ততা আসমান যমীনের সমান। যা তৈরি করা হয়েছে মুত্তাক্বীদের জন্য, 

(আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে তাকে বলা হয় মুত্তাক্বী। আর কখনো কোনো পাপ হয়ে গেলে তৎক্ষণাৎ তাওবাহ ও ইস্তিগফার করা মুত্তাক্বীদের অন্যতম বৈশিষ্ট্য।)


الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ (134) وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (135) أُولَٰئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ (136)


মুত্তাক্বী ও মুহসিনরা যখন কোন পাপ করে ফেলে  

১৩৪. যারা স্বচ্ছল-অস্বচ্ছল সর্বাবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে, গুস্বা নিয়ন্ত্রন করে, মানুষকে ক্ষমা করে (তারাই ইহসানকারী তথা মুহসিন।) আর আল্লাহ মুহসিনদের ভালবাসেন। 


১৩৫. তারা (মুত্তাক্বী ও মুহসিনরা) যখন কোনো অশ্লীলকাজ করে ফেলে অথবা কোনো পাপ করে ফেলে তখন আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য মাগফিরাত কামনা করে (ফলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। কারণ) আল্লাহ ছাড়া আর কে আছে যে তাদের ক্ষমা করবে..? আর তারা জ্ঞাতসারে পাপকাজে লেগে থাকে না। (অশ্লীলকাজ হল যিনার আগে যেসব কাজ করা হয়)

 

১৩৬. (যারা এমন করে) আল্লাহর কাছে তাদের প্রতিদান হল জান্নাত, যার তলদেশে প্রবাহিত কত নহর। তারা সেখানে চিরকাল থাকবে। (দেখো!) সৎকর্মীদের প্রতিদান কত-ই উত্তম হয়।


মুত্তাক্বী ও মুহসিন পরিচিতিঃ তাকওয়া শব্দটি এসেছে বিক্বায়াহ থেকে। আর বিক্বায়াহ অর্থ বেঁচে থাকা। সে মতে আল্লাহর ভয়ে যাবতীয় কুফর শিরক ও কাবীরাহ গোনাহ থেকে বিরত থাকাকে বলা আল্লাহর তাকওয়া। আর যে বা যারা তাকওয়া অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাক্বী। 

আর ইহসান অর্থ সুন্দর করা। নিজের ঈমান, ইসলাম, আমল, আখলাক, স্বভাব, চরিত্র, কথাবার্তা, ইত্যাদি সুন্দর করাকে বলা হয় ইহসান। আর যে ব্যক্তি ইহসান করে তাকে বলা হয় মুহসিন। ইহসান মুঅমিনের অন্যতম বৈশিষ্ট। (ইহসান সম্পর্কে আরো জানতে এ তাফসীরের সঙ্গে দেয়া “ইহসান” অধ্যায়টি দেখে নিন।)


মুত্তাক্বী যখন পাপ করে ফেলেঃ মুত্তাক্বী নিস্পাপ নয়। পাপ মুত্তাক্বী থেকেও হতে পারে। তবে কোনো মুত্তাক্বী ব্যক্তির বৈশিষ্ট্য হল সে কোনো অশ্লীল কাজ অথবা পাপকাজ করে ফেললে তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। যে কথা বলা হয়েছে ১৩৫ তম আয়াতে। এ আয়াতের বাস্তব অনুশীলন প্রসঙ্গে সাহাবা রাঃহুম থেকে কয়েকটি ঘটনাও তাফসীরের কিতাবাদিতে পাওয়া যায়। যেমন

ঘটনাঃ ১ = নাবহাল আল-তাম্মার নামে মদীনাতে একজন সাহাবী ছিলেন তাকে আবু-মুক্ববিল নামে ডাকা হত। পেশায় তিনি ছিলেন খেজুর ব্যবসায়ী। একদা তার কাছে অতি সুন্দরী একজন মহিলা এলে তিনি তাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছিলেন। পরে তিনি বুঝতে পারেন তিনি পাপ করে ফেলেছেন। তিনি রাসূল সাঃ’র কাছে এসে নিজের অপরাধ স্বীকার করে এর প্রতিকার (সাজা) কামনা করলেন। তখন এ আয়াতটি নাযিল হয়। (তাফসীর কুরতুবী)


ঘটনাঃ ২ = মদীণাতে যাবার পর রাসূল সাঃ একজন মুহাজির আর একজন আনসার সাহাবীর মাঝে ভাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। এমনি এক ভাই যুদ্ধে গেলে অন্য ভাই তার স্ত্রীকে চুম্বন করেছিলেন। (এ ঘটনাটি অনেক দীর্ঘ। আমি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরছি। বিস্তারিত দেখতে চাইলে তাফসীর কুরতুবী দেখে নিন। ইমাম কুরতুবী বলেছেনঃ ঘটনাটি বর্ণনা করে তিরমিযী বলেছেন হাদিসটি হাসান।) 

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ (137)


আল্লাহর রীতি

১৩৭. (পাপের পরিণতিতে আযাব দেয়ার) এমন রীতি ইতোপূর্বে অনেক (জাতির উপর) অতিবাহিত হয়েছে। সুতরাং তোমরা যমীনে ভ্রমণ কর, দেখো! প্রত্যাখ্যানকারীদের পরিণতি কেমন ছিল ?  

هَٰذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ (138) وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139)

বিজয়ের পুর্বশর্ত

১৩৮. এ কুরআন হচ্ছে মানবজাতির জন্য সুস্পষ্ট বর্ণনা আর মুত্তাক্বীদের জন্য হেদায়াত ও উপদেশ।

 

১৩৯. তোমরা উদ্যমহীন হইও না, পেরেশান হইও না, তোমরা-ই বিজয়ী হবে যদি তোমরা মুঅমিন হও।  


إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ (140) وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ (141) أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ (142)

অহুদ যুদ্ধ এবং আল্লাহর পরীক্ষা 

১৪০-১৪১. (অহুদযুদ্ধে ৭০জন মুসলিম নিহত হবার কারণে) তোমাদের যদি আঘাত লেগে থাকে তবে (বদরে ৭০ জনকে হারিয়ে) এমন আঘাত তাদেরও লেগেছে। (জয়পরাজয় আর উত্থান-পতনের) এ দিনকে আমরা পালাবদল করে মানুষকে দিয়ে থাকি। (এর কারণ হল) মুঅমিনদের বাছাই করা এবং তোমাদের কিছু মানুষকে শহীদ হিসেবে গ্রহণ করা। (নতুবা) আল্লাহ জালিমদের পছন্দ করেন না। আল্লাহ এমনটি করে থাকেন শুধুমাত্র মুঅমিনদের পরিচ্ছন্ন করতে এবং কাফিরদের নির্মুল করতে।  


১৪২. (হে মুসলিমগণ!) তোমরা কি মনে কর (এমনিতে-ই) জান্নাতে চলে যাবে? আল্লাহ প্রকাশ করবেন না; তোমাদের কে (আল্লাহর পথে) জিহাদ করে আর কে (দ্বীনের উপর) অবিচল থাকে?    

وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ أَنْ تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنْتُمْ تَنْظُرُونَ (143)


শাহাদাত প্রত্যাশা করা সাহাবাদের রীতি

পটভূমিঃ যেসব সাহাবা বদর যুদ্ধে শরীক হতে পারেননি তারা আরো একটি যুদ্ধ চেয়েছিলেন এবং বলে ছিলেনঃ সুযোগ পেলে আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। কিন্তু অহুদ যুদ্ধের কঠিন পরিস্থিতে অনেকে-ই পালিয়ে যান। (কুরতুবী) উনাদের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে.. 


১৪৩. (যুদ্ধের আগে) তোমরা মৃত্যু কামনা করেছিলে। এখন (বাস্তবতা) প্রত্যক্ষ করেছ, তোমরা-ই এর প্রত্যক্ষদর্শী।


জ্ঞাতব্যঃ পরিস্থিতির সম্মুখীন হয়ে অনেকে পালিয়ে গেলেও যারা অবিচল ছিলেন এবং বীরদর্পে যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের একজন আনাস বিন নাদ্বার রাঃ, আনাস বিন মালিক রাঃর চাচা। মুসলিমগণ পালাতে শুরু করলে তিনি বললেনঃ হে আল্লাহ! এরা যা করছে, আমি এসব থেকে মুক্ত। তিনি আরো বললেনঃ আমি জান্নাতের ঘ্রান পাচ্ছি। তারপর তিনি শত্রুর উপর ঝাপিয়ে পড়েন এবং যুদ্ধ করে শহীদ হয়ে যান। আনাস রাঃ বলেনঃ আমরা আঙ্গুলের চাপ (ফিঙ্গার প্রিন্ট) দেখে তাকে শনাক্ত করেছি। তার দেহে আশিটিরও বেশী জখম ছিল। (কুরতুবী) সূরাহ আহযাবের ২৩ তম আয়াতে মহান আল্লাহ এসব মুজাহিদের প্রশংসা করেছেন।

 


وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ ۚ وَمَنْ يَنْقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ (144) وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَنْ يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ (145)


অহুদ যুদ্ধঃ দুনিয়ার জন্য কাজ করা আর আখেরাতের জন্য কাজ করা

পটভূমিঃ অহুদ যুদ্ধে রাসূল সাঃর শিরস্ত্রাণ ভেঙ্গে মাথায় ঢুকে গিয়েছিল এবং দাঁত ভেঙ্গে গিয়েছিল। চতুর্মুখী আক্রমণে আহত হয়ে তিনি পড়ে গিয়েছিলেন। তাকে নিরাপত্তা দিতে কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন। কয়েকজন সাহাবী রাসূল সাঃর চার পাশে মানব ঢাল তৈরি করে নিরাপদে পাহাড়ে পৌছাতে সক্ষম হন। তথাপিও মুহাম্মাদ নিহত হয়েছেন বলে সংবাদ রটে গেলে অনেকে হতাশ হয়ে গিয়ে ছিলেন। এসবের প্রতি ইঙ্গিত করে নাযিল হয়..  

   

১৪৪. মুহাম্মাদ রাসূল বৈ কিছুই নয়। ইতোপূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। (কোনো রাসূলই চিরস্থায়ী ছিল না, মুহাম্মাদ ও চিরস্থায়ী নয়) তাই সে যদি মারা যায় অথবা নিহত হয় তাহলে তোমরা কি পূর্বাবস্থায় (কুফরে) ফিরে যাবে..? তোমাদের কেউ পুর্বাবস্থায় ফিরে গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে যারা শোকর আদায় করবে আল্লাহ অচিরেই তাদের প্রতিদান দেবেন। 


১৪৫. (মানুষ যুদ্ধ থেকে পালায় মৃত্যু ভয়ে। অথচ) কারো মৃত্যু আসে না আল্লাহর অনুমতি ছাড়া। (প্রত্যেকের মৃত্যুকাল) নির্ধারিত এবং লিপিবদ্ধ। যে ব্যক্তি (তার কাজের বদলে) দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তার জন্য নির্ধারিত অংশ-ই তাকে দিয়ে থাকি, (এর চেয়ে বেশী নয়।) আর যে ব্যক্তি তার কাজের প্রতিদান হিসেবে আখেরাত কামনা করে আমি তাকে ওটা-ই দান করি। আমি অচিরেই দেব কৃতজ্ঞদের প্রতিদান।


জ্ঞাতব্যঃ স্কুল, কলেজ বা মাদরাসার পরীক্ষায় পাশ করা, ভালো চাকরী পাওয়া, ব্যবসায় উন্নতি, মনের মানুষকে কাছে পাওয়া, নেতৃত্ব লাভ করা, ইত্যাদি সবই দুনিয়া। এসব বিষয় অর্জন করতে বা এমন উদ্দেশ্য হাসিলের জন্য দান খয়রাত করার অথবা এজন্য নফল ইবাদাত করার অর্থ দাড়ায় দুনিয়ার জন্য আ’মাল করা।


যে বা যারা দুনিয়া হাসিলের জন্য আ’মাল করে তাদেরকে দুনিয়ার এতোটুকু-ই দেয়া হয় যা তাদের জন্য নির্ধারিত ছিল। অর্থাৎ এসব আ’মালের ফলে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। আর দুনিয়ার জন্য কাজ করার কারণে এসব কাজের ছাওয়াব আখেরাতে পাওয়া যাবে না। তাই সাবধান! বন্ধুগণ! সাবধান!! 

ইবাদাত করতে হবে শুধু-ই আল্লাহর জন্য এবং এর প্রতিদান আশা করতে হবে শুধু-ই আখেরাতে। তবে ইবাদাত করার পর দুনিয়া কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে।  


وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا ۗ وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ (146) وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَنْ قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (147) فَآتَاهُمُ اللَّهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْآخِرَةِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ (148)

আল্লাহর পথের যুদ্ধাদের বৈশিষ্ট্য 

পটভূমিঃ অহুদ যুদ্ধের এক পর্যায়ে সংবাদ রটে যায়ঃ “মুহাম্মাদ নিহত হয়েছেন”। এতে অনেক সাহাবী যুদ্ধ ত্যাগ করলেন। (অনেকে রাসূল সাঃর খুজ করছিলেন) কায়া’ব বিন মালিক বলেনঃ হঠাৎ মিগফার (শিরস্ত্রানের নীচে পরিধেয় কাপড়) এর ফাঁক দিয়ে রাসূল সাঃর চুখ দেখতে পেয়ে আমি চিৎকার করে উঠিঃ এইতো আল্লাহর রাসূল। তিনি ইঙ্গিতে আমাকে চুপ থাকতে বললেন! (কুরতুবী) এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হল.. 

 

১৪৬. অতীতে প্রভুভক্ত কত লোক নবীর সঙ্গী হয়ে যুদ্ধ করেছে। আল্লাহর পথে আগত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও তারা উৎসাহ হারায়নি, হতাশ হয়ে যায়নি, দুর্বল হয়ে পড়েনি। (বরং আল্লাহর পথে অবিচল থেকে যুদ্ধ করেছে) আল্লাহ তাদের ভালোবাসেন যারা সবর করে। 

(যে কোনো কঠিন পরিস্থিতিতে ঈমান ও ইসলামের উপর অবিচল থাকার নাম সবর)


১৪৭. (অতীতে নবীগণের সঙ্গী হয়ে যারা যুদ্ধ করেছিল তারা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং এমন অবস্থায়) তারা শুধু বলেছেঃ হে রাব্ব! আমাদের পাপসমূহ মাফ করে দাও, আমাদের দোষত্রুটি ক্ষমা কর, আমাদের অবস্থানকে মজবুত কর আর কাফিরদের মোকাবিলায় আমাদের সাহায্য কর। 


১৪৮. ফলে আল্লাহ তাদের দান করেছেন দুনিয়ার প্রতিদান (বিজয় ও গনিমত,) তাদের আখেরাতের প্রতিদান আরো উত্তম। (কারণ তারা ছিল মুহসিন) আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।   


জ্ঞাতব্যঃ ইহসান অর্থ সুন্দর করা। নিজের ঈমান, ইসলাম, আমল, আখলাক, স্বভাব, চরিত্র, কথাবার্তা, ইত্যাদি সুন্দর করাকে বলা হয় ইহসান। আর ব্যক্তি ইহসানের অধিকারী হল তাকে বলা হয় মুহসিন। ইহসান মুঅমিনের অন্যতম বৈশিষ্ট। (ইহসান সম্পর্কে আরো জানতে এ তাফসীরের সঙ্গে দেয়া “ইহসান” অধ্যায়টি দেখে নিন।)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا الَّذِينَ كَفَرُوا يَرُدُّوكُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوا خَاسِرِينَ (149) بَلِ اللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ خَيْرُ النَّاصِرِينَ (150) سَنُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ بِمَا أَشْرَكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا ۖ وَمَأْوَاهُمُ النَّارُ وَبِئْسَ مَثْوَى الظَّالِمِينَ (151)


কাফিরদের আনুগত্য মেনে নিলে কি হবে..?

১৪৯. মুঅমিনগণ! তোমরা যদি (আদর্শগত ভাবে) কাফিরদের আনুগত্য মেনে নেও তবে তারা তোমাদেরকে পূর্বাবস্থায় (কুফরে) ফিরিয়ে নেবে, আর তখন তোমরা (চিরতরে) ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। 

 

১৫০. আসলে আল্লাহই তোমাদের মাওলা (নীতিনির্ধারক), আর তিনি হলেন সর্বশ্রেষ্ট সাহায্যকারী।

 

১৫১. (তোমরা কাফির শক্তিকে ভয় কর না।) আমি কাফিরদের অন্তরে ভীতি ঢেলে দেব। কারণ তারা আল্লাহর সাথে শিরক করে, অথচ আল্লাহ্‌ এ ব্যাপারে (শিরককে বৈধতা দিয়ে) কোনো প্রমান নাযিল করেননি। (যারা এমন করে) তাদের ঠিকানা জাহান্নাম। পাপিষ্ঠদের আবাস খুবই জঘন্য।


লক্ষণীয়ঃ এখানে লক্ষণীয় ব্যাপার হলঃ “আল্লাহ কাফিরদের অন্তরে ভীতি ঢেলে দেবেন। কারণ তারা শিরক করেছে”। এতে বুঝা যায় কুফর ও শিরক দুটি স্বতন্ত্র পাপ হলেও কখনো কখনো পাপ দুটি একীভূত হয়ে যায়। যদিও একাডেমিক ভাবে কুফর তুলনামূলক ভাবে শিরক থেকে ব্যাপক ও বিস্তৃত। মানে সকল মুশরিক-ই কাফির হয় তবে সকল কাফির মুশরিক হয় না। যেমন এক ব্যক্তি বাস্তব জীবনে ইসলাম মেনে চলে তবে “হুদূদ” মানে না। তার এ পাপকে কুফর বলা যাবে তবে শিরক নয়।   


وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّىٰ إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ (152) إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُونَ عَلَىٰ أَحَدٍ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِكَيْلَا تَحْزَنُوا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (153) ثُمَّ أَنْزَلَ عَلَيْكُمْ مِنْ بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُعَاسًا يَغْشَىٰ طَائِفَةً مِنْكُمْ وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنْفُسُهُمْ يَظُنُّونَ بِاللَّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ ۖ يَقُولُونَ هَلْ لَنَا مِنَ الْأَمْرِ مِنْ شَيْءٍ ۗ قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ ۗ يُخْفُونَ فِي أَنْفُسِهِمْ مَا لَا يُبْدُونَ لَكَ ۖ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هَاهُنَا قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (154)

অহুদ যুদ্ধঃ আল্লাহর প্রতিশ্রুতি

পটভূমিঃ অহুদযুদ্ধের শুরুতে মুসলিমদের বিজয় হয় এবং মুশরিকরা পালিয়ে যায়। মুসলিম বাহিনীর পিছনে একটি ছোট পাহাড় ছিল। যার বর্তমান নাম জাবাল রুমাত (তীরান্দাজদের পাহাড়)। রাসূল সাঃ এখানে ৫০জন তীরান্দাজ নিয়োগ করে ছিলেন। হুকুম ছিলঃ কোনো অবস্থাতেই তারা যেন স্থান ছেড়ে না যায়। কিন্তু মুশরিকদের পালাতে দেখে এ দলের অনেকে-ই নিজের অবস্থান ছেড়ে চলে যান। সেনাপতি তাদেরকে বারণ করেছিলেন। কিন্তু তারা সেনাপতির আদেশ লঙ্ঘন করে এবং যুদ্ধ শেষ হয়ে গেছে বলে দলনেতার সাথে বিবাদ করে তারপর চলে যায়। যদিও দলনেতাসহ কয়েকজন অনঢ় থেকে প্রাণপণ লড়াই করে শহীদ হয়েছেন। 


খালিদ বিন ওয়ালিদ তখন মুশরিক বাহিনীর অশ্বারোহী দলের বিচক্ষন কমান্ডার। মুসলিমদের পিছন অরক্ষিত দেখে ২শত অশ্বারোহী নিয়ে পিছন থেকে হামলা করেন খালিদ। তীব্র আক্রমণে মুসলিম সৈন্যরা হতভম্ব হয়ে যায়। পড়তে থাকে লাশের পর লাশ। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..  


১৫২. আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, যখন আল্লাহর সাহায্যে তোমরা তাদের হত্যা করছিলে। অবশেষে তোমরা ভীরু (যুদ্ধের শৃঙ্খলা ভঙ্গ করে সেনাপতির আদেশের অবাধ্য) হয়ে গেলে, (পাহাড়ে অবস্থানের) বিষয়টি নিয়ে পরস্পরে বিবাদ করলে, তোমাদের পছন্দের বস্তু (গণিমত) দেখার পর (নবীর আদেশের) অবাধ্য হয়ে গেলে। তোমাদের কিছুলোক দুনিয়া চায় আর কিছু লোক আখেরাত চায়। অতঃপর তোমাদের পরীক্ষা করার জন্য তিনি তোমাদেরকে (তার সাহায্য থেকে) বিরত রাখলেন (ফলে তোমরা পালাতে শুরু করলে।) তবে এজন্য আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ মুঅমিনদের প্রতি খুব-ই অনুগ্রহশীল।


১৫৩. (হে মুসলিমগণ! স্মরণ কর) যখন (যুদ্ধের ময়দান ছেড়ে) তোমরা উপরে (পাহাড়ে) উঠে যাচ্ছিলে। কেউ কারো প্রতি ভ্রুক্ষেপ করছিলে না, পিছন থেকে রাসূল তোমাদের ডাক ছিলেন। (তাতেও তোমরা সাড়া দিচ্ছিলে না) ফলে আল্লাহ তোমাদের মুসীবতের উপর মুসীবত ঢেলে দিলেন। যেন যা (বিজয় ও গণিমত) হারিয়েছ আর যা (পরাজয় ও ক্ষয়ক্ষতি) পেয়েছ এ জন্য দুঃখ না কর। তোমরা যা কর আল্লাহ সর্ববিষয়ে অবগত।

  

১৫৪. এসব মুসীবতের পর তিনি নাযিল করেছেন প্রশান্তি ও তন্দ্রা, যা তোমাদের অনেককে আচ্ছাদিত করেছিল। আর অনেকে জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে আল্লাহ সম্পর্কে ভূল ও কুফরি ধারণ পোষণ করতে লাগল। তারা বললঃ (আমরা মদীনায় থেকে প্রতিরোধের কথা বলে ছিলাম) আমাদের কথার কি মূল্য দেয়া হয়েছে? (তাদের) বলে দাওঃ সকল সিদ্ধান্তের মালিক আল্লাহ। তাদের অন্তরে যা গোপন রয়েছে তারা এটা প্রকাশ করতে পারছে না। তারা  (মনে মনে) বলছেঃ আমাদের কথা মানা হলে এভাবে মরতে হত না। বলঃ (তাক্বদীরে) যাদের মৃত্যু নির্ধারিত ছিল তারা ঘরে বসে থাকলেও মৃত্যুর স্থানে ছুটে আসতে হত। (আল্লাহ এ পরিস্থিতি সৃষ্টি করেছেন) তোমাদের অন্তরের বিষয় পরীক্ষা করার জন্য, তোমাদের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য। আল্লাহ অন্তরের বিষয়েও অবগত।  


إِنَّ الَّذِينَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ ۗ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ (155) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ كَفَرُوا وَقَالُوا لِإِخْوَانِهِمْ إِذَا ضَرَبُوا فِي الْأَرْضِ أَوْ كَانُوا غُزًّى لَوْ كَانُوا عِنْدَنَا مَا مَاتُوا وَمَا قُتِلُوا لِيَجْعَلَ اللَّهُ ذَٰلِكَ حَسْرَةً فِي قُلُوبِهِمْ وَاللَّهُ يُحْيِي وَيُمِيتُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (156) وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ (157) وَلَئِنْ مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ (158)


যুদ্ধ থেকে পালানো বনাম আল্লাহর পথে শহীদ 

১৫৫. (অহুদ যুদ্ধে) দুই দলের মোকাবিলা কালে যারা (যুদ্ধ থেকে) পালিয়ে ছিল, শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল, তাদের-ই কৃত কর্মের কারণে। তবে আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।

 

১৫৬. মুঅমিনগণ! তোমরা তাদের মত হইও না, যারা কুফর করে (যুদ্ধ থেকে পালিয়ে থাকে) আর তাদের যেসব ভাই অভিযানে বা যুদ্ধে (মারা) যায় তাদের সম্পর্কে বলেঃ আমাদের সঙ্গে থাকলে এভাবে মরত না বা নিহত হত না। (এমন করার কারণ) যেন আল্লাহ তাদের মনে পরিতাপ সৃষ্টি করেন। আসলে জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ প্রত্যক্ষ করেন তোমাদের সকল কাজ।


১৫৭-১৫৮. যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হল বা মারা গেল (সে আল্লাহর ক্ষমা ও দয়া অর্জন করল আর যারা বেঁচে থাকল তারা হয়ত দুনিয়ার সম্পদ বা সম্মান অর্জন করবে।) আর আল্লাহর ক্ষমা ও দয়া এদের অর্জন থেকে অনেক উত্তম। তোমরা মারা যাও বা নিহত হও, সবাই আল্লাহর কাছে-ই ফিরে যাচ্ছ।


ঈমান ও আক্বীদাহঃ যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ। হাদীছে বর্ণিত ৭টি ধ্বংসাত্বক পাপের মধ্যে একটি হচ্ছে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া বা পালিয়ে থাকা। যুদ্ধ থেকে পালিয়ে গেলে বা পালিয়ে থাকলে আল্লাহর গজবে পড়তে হবে এবং জাহান্নামে যেতে হবে বলে পবিত্র কুরআনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। (দেখুন সূরাহ আনফালঃ ১৫-১৬)  


পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সে শহীদ। শহীদ হওয়ার মানে হচ্ছে আল্লাহর কাছে এক বিশেষ মর্যাদার অধিকারী হওয়া। শহীদ ব্যক্তির কবরের জীবন তথা বারযাখ জীবন নেই। শহীদের রূহ সরাসরি জান্নাতে চলে যায়। শহীদ ব্যক্তি বিচার দিবসে বিচারের সম্মুখীন হবে না। তারা হবে বিচারের দর্শক।  


فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159)


নেতার বৈশিষ্টঃ বিনয় ও নম্রতা

১৫৯. (হে নবী! তোমার প্রতি) আল্লাহর বিশেষ দয়ার কারণে তুমি তাদের (জনতার) প্রতি নম্র ও বিনয়ী হয়েছ। তুমি কর্কশ ও কঠিন হলে মানুষ তোমা থেকে দূরে থাকত। সুতরাং তাদের (ভুলত্রুটি) মাফ করে দেবে, তাদের হয়ে (আল্লাহর কাছে) মাগফিরাত কামনা করবে এবং (গুরুত্বপূর্ণ) বিষয়াদিতে তাদের সাথে পরামর্শ করবে। আর সিদ্ধান্ত পাকা করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল (ভরসা) করবে। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুল কারীদের ভালোবাসেন।  


إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (160)

ভরসা করতে হবে শুধুই আল্লাহর উপর

১৬০. আল্লাহ যদি সাহায্য করেন কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আল্লাহ যদি লাঞ্ছিত করেন তবে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? মুঅমিনরা যেন শুধু আল্লাহর উপর-ই ভরসা রাখে।   


وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ (161) أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ كَمَنْ بَاءَ بِسَخَطٍ مِنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ (162) هُمْ دَرَجَاتٌ عِنْدَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ (163) لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ (164)

নবীর উপর মিথ্যা অপবাদ

পটভূমিঃ বদরের গণীমতে একটি মূল্যবান লাল চাদর ছিল। বন্টনের সময় চাদরটি পাওয়া গেল না। কেউ কেউ মনে করলঃ হয়ত রাসূল সাঃ নিজের জন্য রেখে দিয়েছেন। (কুরতুবীঃ আবু-দাউদ, তিরমিযী। তিরমিযী বলেছেন হাদীছটি হাসান) তাদের এ মিথ্যা সন্দেহ খন্ডন করে নাযিল হল..

 

১৬১. নবী কখনো গনিমত চুরি করেন না। কেউ গনিমত চুরি করলে কিয়ামতের দিন এটা সঙ্গে নিয়ে হাজির হবে। তখন সবাইকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। কারো প্রতি অবিচার করা হবে না


১৬২. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে সে কি ওই ব্যক্তির সমান? যে (অবাধ্যতার কারণে) আল্লাহর ক্রোধে পতিত হয়, ফলে তার ঠিকানা হয় জাহান্নাম, জঘন্যতম আবাস? 


১৬৩. (যে বা যারা আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে) তারা আল্লাহর কাছে মর্যাদাবান। আল্লাহ প্রত্যক্ষ করেন তাদের সকল কাজ।


১৬৪. আল্লাহ মুঅমিনদের প্রতি দয়া করেছেন, যখন তাদের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন তাদেরই একজনকে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করবে, তাদের তাযকিয়্যাহ করবে, শিখাবে কিতাব ও হিকমাহ (কুরআন ও সুন্নাহ) যদিও আগে তারা চরম বিভ্রান্ত ছিল।


তাযকিয়্যাহ পরিচিতিঃ তাযকিয়্যাহ অর্থ বিশুদ্ধ করণ, শুদ্ধি করণ, পরিচ্ছন্ন করণ, ইত্যাদি। পবিত্র কুরআনের অনেক আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। তাফসীর জালালাইনে এর অর্থ লিখা হয়েছে অন্তরকে “শিরক মুক্ত করা”। আর তাফসীর ক্বুরতুবীতে এর অর্থ লিখা হয়েছে.. অন্তর দিয়ে ঈমান আনা /অন্তরকে কুফর, শিরক ও পাপ মুক্ত করা /সম্পদের যাকাত আদায় করা।  

 

তাযকিয়্যাহর প্রকারভেদঃ তাযকিয়্যাহ আসলে ৩ প্রকার হয়ে থাকে। যথা..

নিজের ঈমানের তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের ঈমান তথা আক্বীদাহ বিশ্বাসকে বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ রাখা। আর এর পদ্ধতি হিসেবে উলামা সমাজের সর্বসম্মত নীতিমালা হলঃ দালীল ক্বাত্বয়ী’ তথা শুধু আল-কুরআনের মুহকাম আয়াত এবং মুতাওয়াতির হাদীছ দ্বারা প্রমাণিত বিষয়সমূহকে ঈমান ও আক্বীদাহ অংশ হিসেবে বিশ্বাস করা। 

নিজের ইসলামের তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের কর্ম ও জীবনকে বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ রাখা। আর এর পদ্ধতি হিসেবে উলামা সমাজের সর্বসম্মত নীতিমালা হলঃ বিশুদ্ধ দলীল ছাড়া কোনো বিষয়কে আমলে পরিণত না করা। উল্লেখিত উভয় প্রকার তাযকিয়্যাহ করার জন্য-ই নবী রাসূলগণকে পাঠানো হয়। যে কথা বলা হয়েছে সূরাহ জুমুয়া’হ এর ২য় আয়াতে। 

ক্বলবের তাযকিয়্যাহঃ অর্থাৎ নিজের আত্মা বা অন্তরকে বিশুদ্ধ করা ও বিশুদ্ধ রাখা। মানুষের ক্বলব তথা মানব আত্মা বা মানব অন্তর যেহেতু সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন। তাই কোনো মানুষ এটাকে বিশুদ্ধ করতে পারবে না। যে কথা বলা হয়েছে সূরাহ নিসার ৪৯ তম আয়াতে।  


তাযকিয়্যাহর সঠিক পদ্ধতিঃ আল-কুরআন অধ্যায়ন করে, আল-কুরআনের অনুশীলনী করে, আল-কুরআনের নীতিমালা মেনে মানব আত্মাকে কুফর শিরক ও পাপাচার থেকে মুক্ত করা এবং মুক্ত রাখাই তাযকিয়্যাহর সঠিক পদ্ধতি।


একটি ভুলের অবসানঃ আমাদের সমাজের কিছু ভন্ড তাযকিয়্যাহ শব্দ ব্যবহার করে লোকজনকে বুঝায় পীরের কাছে মুরিদ হয়ে তাদের বানানো তরিকা মেনে মারিফত ও তরিকতের নামে মনগড়া যিকির ও অযিফা পাঠ করা এবং পীর থেকে সনদ ও ইজাজত নিয়ে সমাজে পীরের খলীফাহ (প্রতিনিধি) হিসেবে কাজ করা। (বাকারাহঃ ১৫১)   


أَوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَٰذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (165) وَمَا أَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ فَبِإِذْنِ اللَّهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِينَ (166) وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ يَقُولُونَ بِأَفْوَاهِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ (167) الَّذِينَ قَالُوا لِإِخْوَانِهِمْ وَقَعَدُوا لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا قُلْ فَادْرَءُوا عَنْ أَنْفُسِكُمُ الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (168)


বিপর্জয়ের কারণ এবং মুঅমিনদের জন্য সান্তনা

১৬৫. (হে মুসলিমগণ!) তোমরা যদি (অহুদ যুদ্ধে ৭০ জন সঙ্গী হারিয়ে) ক্ষতির সম্মুখীন হয়ে থাকো তবে তারাও (বদর যুদ্ধে ৭০ নিহত ৭০ বন্দী, মোট ১৪০ জন সঙ্গীকে হারিয়ে) এরচেয়ে দ্বিগুন ক্ষতির সম্মুখীন হয়েছে। তোমরা বলছঃ এমনটি কেন হল? (হে নবী! তাদেরকে) বলে দাওঃ এমনটি হয়েছে তোমাদের (শৃঙ্খলা ভঙ্গের) কারণেই। নিশ্চয় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। (আল্লাহর কোনো জবাবদিহিতা নাই)

 

১৬৬-১৬৭. (অহুদ যুদ্ধে) দুই দলের মোকাবিলাকালে তোমাদের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে এটা আল্লাহর অনুমোদনে-ই হয়েছে। আর তিনি এমনটি করেছেন মুঅমিনদের ব্যাপারে বাস্তবে জেনে নিতে এবং মুনাফিকদের ব্যাপারটিও বাস্তবে জেনে নিতে। যাদের বলা হয়েছিলঃ (শত্রু বাহিনী এগিয়ে আসছে। এখন তোমাদের সামনে দুটি অপশন রয়েছে। হয়তো এগিয়ে গিয়ে) আল্লাহ পথে (আক্রমণাত্মক) যুদ্ধ করতে হবে অথবা (মদীনায় থেকে দুশমনকে) প্রতিহত করতে হবে। (কিছু লোক মদীনায় থেকে শত্রুকে প্রতিহত করার পরামর্শ দিলেও সাহাবাগণ তখন বাইরে গিয়ে আক্রমণ করার পক্ষে রায় দিয়ে ছিলেন এবং মুসলিম হাবিনী অহুদ পর্যন্ত অগ্রসর হয়ে ছিলেন। কিন্তু যুদ্ধের প্রাক্কালে একদল মুনাফিক বেঁকে বসল) তারা বলেছিলঃ (একে সঙ্গত) যুদ্ধ মনে করলে অবশ্যই আমরা তোমাদের সঙ্গী হতাম। তারা সেদিন ঈমানের থেকে কুফরের বেশী নিকটতম ছিল। তাদের মুখে ছিল এক, অন্তরে ভিন্ন। আল্লাহ জানেন তাদের গোপনীয় সব।

 

১৬৮. তারা নিজে (যুদ্ধ থেকে) বিরত থেকেছে এবং অন্যদের সম্পর্কে বলেছেঃ আমাদের কথা মানলে তাদেরকে এভাবে মরতে হত না। বলো! তোমরা মৃত্যু থেকে নিজেকে রক্ষা কর যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।   

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚبَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ (169) فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (170) يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ (171)


আল্লাহর পথে শহীদ যারা

১৬৯. যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলে ধারনাও কর না। আসলে তারা জীবিত (তারা সরাসরি জান্নাতে গিয়ে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায় এবং) প্রভুর পক্ষ থেকে তাদের রিজক (খাবার) সরবরাহ করা হয়।

 

১৭০-১৭১. তারা আল্লাহর অনুগ্রহ (জান্নাত) পেয়ে আনন্দিত এবং যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি বরং পিছনে (দুনিয়ায়) রয়ে গেছে, তারা এদের সুসংবাদ দিচ্ছে যে, এদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পেয়ে তারা প্রফুল্ল। আল্লাহ নস্যাৎ করেন না মুঅমিনদের প্রতিদান।  

الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ (172) الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173) فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ (174) إِنَّمَا ذَٰلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (175)


অহুদ যুদ্ধঃ কাফির শক্তিকে বড় করে দেখানো শয়তানের চাল

পটভূমিঃ অহুদ যুদ্ধে সাহাবাদের অনেকে-ই আহত ছিলেন। যুদ্ধ শেষে কিছু আগন্তুকের মাধ্যমে খবর এলো আবু-সুফিয়ান মুশরিক বাহিনী নিয়ে ফিরে আসছে। রাসূল সাঃ আগ বাড়িয়ে মোকাবিলার আহবান জানালে সাহাবাগণ সাড়া দিলেন এবং বললেনঃ আমাদের জন্য আল্লাহ-ই যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। সাহাবাদের এমন পদক্ষেপে মহান আল্লাহ্‌ খুশী হলেন এবং নাযিল হলঃ


১৭২. যারা আহত অবস্থায়ও আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে; তাদের মাঝে যারা মুহসিন ও মুত্তাক্বী তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। 

 

১৭৩. (যুদ্ধের পর আগন্তুক) লোকজন যখন বললঃ তারা (মুশরিকরা) তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে (পুনরায় ধেয়ে) আসছে, তাই তাদের ভয় কর (এবং পালিয়ে যাও।) তখন তারা বললঃ আমাদের জন্য আল্লাহ-ই যথেষ্ট, তিনি-ই সর্বোত্তম অভিভাবক। 


১৭৪. (সাহাবাগণ এগিয়ে গেলে মুশরিক বাহিনী পালিয়ে যায় এবং সাহাবাগণ উনাদের পণ্য বাজারে বিক্রি করে অনেক লাভবান হন। ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ্‌ বলছেনঃ) তারা (মুসলিম বাহিনী) আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ (বিজয় ও ব্যবসা) নিয়ে ফিরে আসে। কোনো অনিষ্ট-ই তাদের স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিল। আর আল্লাহ মহাঅনুগ্রহশীল।


১৭৫. শয়তান তার অনুসারীদের ব্যাপারে ভীতি ছড়ায়। তাই তোমরা তাদের ভয় করো না, তোমরা শুধু আমাকে-ই ভয় করবে যদি তোমরা মুঅমিন হয়ে থাকো। 

(কাফির শক্তিকে বড় করে দেখানো এবং কাফিরদের ব্যাপারে ভীতি ছড়ানো শয়তানের কাজ)


وَلَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْر إِنَّهُمْ لَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا يُرِيدُ اللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِي الْآخِرَةِ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (176) إِنَّ الَّذِينَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْإِيمَانِ لَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ (177) وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِأَنْفُسِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِثْمًا وَلَهُمْ عَذَابٌ مُهِينٌ (178)

মুসলিম হয়েও যারা কুফরের দিকে ধাবমান

১৭৬. (মুসলিম হয়েও) যারা কুফরের দিকে ধাবিত হয়; তাদের নিয়ে চিন্তা কর না। তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান আখেরাতে তাদের কিছুই না থাকুক (তাই তারা এমন করে।) তাদের তরে কঠিন আযাব।


১৭৭. যারা কুফরের বিনিময়ে ঈমান বিকিয়ে দেয় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। তাদের তরে যন্ত্রনাদায়ক আযাব। 


১৭৮. যারা কুফর করে তারা যেন না ভাবেঃ আমি তাদের যে অবকাশ দিচ্ছি এটা তাদের জন্য কল্যাণকর। আমরা তাদের অবকাশ দেই যেন তারা পাপ করে। তাদের তরে লাঞ্ছনার আযাব। 


কুফর পরিচিতিঃ কুফর অর্থ অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, অমান্য করা, অকৃতজ্ঞ হওয়া, গোপন করা, ইত্যাদি। সেমতে.. 

  • আল্লাহর দেয়া কোনো তথ্য অবিশ্বাস করা; 
  • আল্লাহর বিধান প্রত্যাখ্যান করা;
  • আল্লাহর কোনো বিধানকে অবজ্ঞা বা অবহেলা করা;
  • আল্লাহর কর্তৃক নির্ধারিত কোনো ফরজ বিধানকে ঐচ্ছিক মনে করা; 
  • আল্লাহর কোনো আদেশ বা নিষেধ অমান্য করা এবং এর বিপক্ষে অবস্থান নেওয়া; 
  • আল্লাহর দ্বীন কায়েমে বা দ্বীনি দাওয়াতে বাঁধা দেওয়া বাঁধার সৃষ্টি করা;  
  • আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়া;
  • আল্লাহর দেয়া কোনো তথ্য গোপন করা; 

তথা উল্লেখিত কাজসমূহের মাঝে যে কোনো একটিতে জড়িয়ে পড়া কুফর। এছাড়াও যাদু এবং আল্লাহ, রাসূল বা দ্বীনি বিষয়াদি নিয়ে উপহাস করাও কুফর।


مَا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَىٰ مَا أَنْتُمْ عَلَيْهِ حَتَّىٰ يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَٰكِنَّ اللَّهَ يَجْتَبِي مِنْ رُسُلِهِ مَنْ يَشَاءُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَإِنْ تُؤْمِنُوا وَتَتَّقُوا فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ (179) وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (180)


মুঅমিন ও মুনাফিক

১৭৯. তোমরা এখন যে অবস্থায় আছ; আল্লাহ মুঅমিনদেরকে (সর্বদা) এ অবস্থায় ছেড়ে দেবেন না। (পরকালে) তিনি নিকৃষ্ট থেকে উৎকৃষ্টকে (মুনাফিক থেকে মুঅমিনকে) আলাদা করবেন (তখন মুঅমিনগণ যাবে জান্নাতে আর মুনাফিকরা জাহান্নামে। দুনিয়ার জীবনে মুনাফিক চিনার জন্য) আল্লাহ তোমাদেরকে গাইবের জ্ঞান দান করবেন না। (এমনকি তিনি সকল রাসূলকেও এ ব্যাপারে অবগত করেন না। বরং) তিনি তার রাসূলগণের মাঝে যাকে চান শুধু তাকে-ই (মুনাফিকদের তালিকা সম্পর্কে) অবগত করেন। তোমরা আল্লাহ ও রাসুলের উপর ঈমান আনবে। তোমরা যদি ঈমান আন এবং তাকওয়া অর্জন কর তবে তোমাদের দেয়া হবে মহা পুরস্কার। 


জ্ঞাতব্যঃ মুনাফিকদের তালিকা রাসূল সাঃকে জানানো হয়েছিল। তিনি হুযাইফাহ রাঃকে জানিয়ে ছিলেন। তাই হুযাইফাহ সকলের জানাযায় শরীক হতেন না।

 

১৮০. যারা আল্লাহর দেয়া সম্পদের (যাকাতের) ব্যাপারে কার্পণ্য করে তারা যেন না ভাবে এ সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। বরং আসলে এটা তাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। কৃপণের সম্পদ পরকালে তার গলার বেড়ি হবে। আসমান যমীনের সার্বিক মালিকানা আল্লাহর। আল্লাহ তোমাদের সকল কাজের খবর রাখেন।


জ্ঞাতব্যঃ মালিকানা দুই প্রকার বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা। 

  • যে মালিকানা আইনের আওতাধীন, যে মালিকানায় জবাবদিহিতা আছে, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায় না, ইহা হল বিধিবদ্ধ মালিকানা। 
  • যে মালিকানা কোনো আইন বা নিয়মের আওতাধীন নয়, যে মালিকানায় জবাবদিহিতা নাই, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা যায়, ইহাকে বলে সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। একমাত্র আল্লাহর মালিকানা সার্বভৌম। আল্লাহ ছাড়া সকলের মালিকানা বিধিবদ্ধ। 

ঈমান ও আক্বীদাহঃ উল্লেখ্য মুসলিম তিন প্রকারঃ মুঅমিন, ফাসিক ও মুনাফিক।


মুঅমিনঃ যে মুসলিম.. 

  • সকল প্রকার ত্বাগূ’তকে বর্জন করল, 
  • ঈমানের মৌলিক বিষয় সমূহে অবিচল আস্থা ও বিশ্বাস রাখল 
  • বাস্তব জীবনে ইসলামী শারীয়া’হ মেনে চলল সে মুঅমিন। 

মুঅমিন আল্লাহর ওয়ালী, মুঅমিন নিশ্চিত জান্নাতী। মুঅমিনগণ পরকালে ফাসিকদের জন্য শাফায়া’ত করার অধিকারী হবে যদি আল্লাহ্‌ তাদের অনুমতি দেন।

  

ফাসিকঃ যে মুসলিম.. 

  • সকল প্রকার ত্বাগূ’তকে বর্জন করল, 
  • ঈমানের মৌলিক বিষয় সমূহে অবিচল আস্থা ও বিশ্বাস রাখল, 
  • তবে বাস্তব জীবনে ইসলামের যাবতীয় বিধান মেনে চলতে পারল না সে ফাসিক। 

ফাসিক পরকালে ভয়াবহ বিপদের সম্মুখীন হবে। ইচ্ছা হলে আল্লাহ তাদের মাফ করে দেবেন আর ইচ্ছা হলে সাজা দেবেন। তবে ফাসিক চির জাহান্নামী হবে না। সাজা ভোগের পর তাকে মুক্ত করা হবে। সকল ফাসিককে আবার জাহান্নামে যেতে হবে না। নেক লোকদের শাফায়া’তে (সুপারিশে) অনেক ফাসিক-ই মাফ পেয়ে যাবে। মুঅমিনগণ পরকালে ফাসিকদের জন্য শাফায়া’ত করতে পারবে যদি আল্লাহ তার জন্য শাফায়া’তের অনুমতি দেন।


মুনাফিকঃ যে মুসলিম বিশ্বাসে অবিচল নয় অথবা ত্বাগূ’ত বর্জন করেনি সে মুনাফিক। মুনাফিক মুসলিম হয়েও কুফর করে, শিরক করে। মুনাফিক ইসলাম ও কুফের সংমিশ্রণে নতুন পথ তৈরি করে। মুনাফিক মানুষের কাছে মুসলিম হিসেবে পরিচিত হলেও আল্লাহর তালিকায় কাফির। মুনাফিক চির জাহান্নামী। মুনাফিকের ঈমান বিনষ্ট হয়ে সকল আ’মাল বরবাদ হয়ে যায়। পরকালে মুনাফিকের জন্য শাফায়া’ত করতেও কাউকে অনুমতি দেয়া হবে না। মুনাফিক মারা গেলে তার জানাযা পড়া বা তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। সূরাহ তাওবাহর ৮৪ তম আয়াতে এব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


(মুনাফিক সম্পর্কে জানতে দেখুন আমাদের ইসলাম শিক্ষা সিলেবাসের ৪র্থ বই “ঈমানের উপর অবিচল থাকা”র মুনাফিক অধ্যায় অথবা আমাদের বই “মুঅমিন ও মুনাফিক”)


لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ سَنَكْتُبُ مَا قَالُوا وَقَتْلَهُمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ (181) ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ (182) الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ عَهِدَ إِلَيْنَا أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ النَّارُ قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِنْ قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (183) فَإِنْ كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِنْ قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ(184)


ইয়াহুদীদের মিথ্যাচার

পটভূমিঃ যখন নাযিল হল “কে আছো? আল্লাহকে ঋণ দেবে? উত্তম ঋণ। আল্লাহ তাকে অনেক গুণ বাড়িয়ে দেবেন”। (২/২৪৫)

তখন ইয়াহুদ নেতা হুয়াই বিন আখত্বাব (রাসূল সাঃর স্ত্রী স্বাফিয়্যাহ বিনত হুয়াই এর পিতা) সহ কয়েকজন ইয়াহুদ (মশকারা করে) বললঃ “আল্লাহ্‌ ফকীর আর আমরা ধনী” তাই তো তিনি আমাদের থেকে ঋণ চেয়েছেন। (কুরতুবী) তাদের এ উদ্যত্তপূর্ণ উক্তির প্রতি ইঙ্গিত করে নাযিল হয়েছে..   


১৮১-১৮২. আল্লাহ্‌ তাদের কথা শুনেছেন; যারা বলেছেঃ “আল্লাহ ফকীর আর আমরা ধনী”। তাদের এসব কথা এবং অন্যায় ভাবে নবীগণকে হত্যা করা (ইত্যাদি অপকর্ম সমূহ) আমরা লিখে রাখছি। (এর পরিণতিতে পরকালে তাদের) বলা হবেঃ জ্বলন্ত আযাব আস্বাদন কর, এটা-ই তোমাদের কর্মফল। আল্লাহ বান্দার উপর অবিচার করেন না। 


পটভূমিঃ একদা কায়া’ব বিন আশরাফসহ কয়েকজন ইয়াহুদ নেতা রাসূল সাঃর কাছে এসে বললঃ তুমি মনে কর আল্লাহ্‌ তোমাকে আমাদের রাসূল বানিয়ে পাঠিয়েছেন। অথচ আল্লাহ্‌ আমাদের কাছে যে কিতাব পাঠিয়েছেন ওখানে আমাদের থেকে অঙ্গীকার নেয়া হয়েছে “আমরা যেন কোনো রাসূলকে বিশ্বাস না করি যতক্ষণ না আকাশ থেকে আগুন এসে তার কুরবানী ভক্ষন করবে”। (কুরতুবী) আসলে এসব-ই ছিল মিথ্যাচার। তাদের এসব মিথ্যাচারকে খন্ডন করে নাযিল হয়েছে..

 

১৮৩. যারা বলেঃ আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেনঃ যেন কোনো নবীকে বিশ্বাস না করি, যতক্ষণ না (আকাশ থেকে) আগুন এসে তার কুরবানী ভক্ষন করবে। 

বলে দাওঃ তোমরা যা বলছ এটা এবং আরো অনেক সুস্পষ্ট প্রমান নিয়ে এসেছিলেন আগেকার রাসূলগণ। তোমরা সত্য হলে কেন তাদেরকে হত্যা করেছিলে? 


১৮৪. তারা যদি তোমাকে (নবী হিসেবে মেনে নিতে) অস্বীকার করে তবে (চিন্তা কর না। কারণ) তোমার আগের রাসূলগণকেও অস্বীকার করা হয়েছে যারা বায়্যিনাত, পুস্তিকা ও আলোকিত কিতাব নিয়ে এসেছিল।   


كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ (185)


প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে 

১৮৫. প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (মৃত্যুর পর শুরু হবে তোমাদের চিরস্থায়ী জীবন। তোমরা দুনিয়ার জীবনে যা করবে) পরকালে তোমাদেরকে এসবের পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই হল আসল সফল ব্যক্তি। আর (সদা মনে রাখবে) দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছু-ই নয়।   

 

لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا ۚ وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ (186)

 

আমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে

১৮৬. অবশ্যই তোমরা তোমাদের জান ও মালের ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হবে এবং আগেকার আহলে কিতাব ও মুশরিকদের থেকে শুনতে হবে আপত্তিকর অনেক কিছু। এমতাবস্থায় অবিচল ও সাবধান থাকা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।   

 

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖفَبِئْسَ مَا يَشْتَرُونَ (187) لَا تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِنَ الْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ (188)

 

আল্লাহর কিতাবের তথ্য গোপন ও দলাদলি 

১৮৭. (স্মরণ কর!) আল্লাহ যখন আহলে কিতাব থেকে শপথ নিয়ে ছিলেনঃ তোমরা (কিতাবের) সবকিছু মানুষের জন্য উন্মুক্ত করে দেবে, (কোনোকিছু) গোপন করবে না। কিন্তু তারা এ শপথকে অগ্রাহ্য করে সামান্য (দুনিয়ার) বিনিময়ে এসব বদলে ফেলেছে (অর্থ, সম্পদ, সম্মান ও জন সমর্থন অর্জন ও ধরে রাখার জন্য তারা আল্লাহর কিতাবের অনেক তথ্য-ই গোপন করে রাখে।) তাদের এ অর্জন খুব-ই জঘন্য।

  

১৮৮. যারা নিজেদের (কর্ম, চিন্তা, মতামত, ইত্যাদি) অর্জন নিয়ে পরিতৃপ্ত হয়ে যায় এবং কোনো কাজ না করেও প্রশংসা কুড়াতে পছন্দ করে তাদের নিয়ে চিন্তা কর না, মনে কর নাঃ তারা আযাব থেকে বেঁচে যাবে। তাদের তরে যন্ত্রনাদায়ক আযাব।

 

জ্ঞাতব্যঃ আমরা যমীনে আল্লাহর প্রতিনিধি। তাই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব অনেক। দ্বীন পালন, দ্বীন প্রচার ও দ্বীন প্রতিষ্ঠা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আমাদের উচিতঃ দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করা এবং দায়িত্বে অবহেলা সহ ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আজকাল আমাদের অনেকে-ই এমন পরিপূর্ণ দ্বীন পালন না করে আংশিক ভাবে দ্বীন পালন করছেন এবং নিজের কাজের উপর সন্তুষ্টি প্রকাশ করছেন তথা নিজের কাজকে যথেষ্ট মনে করছেন। অথচ আল্লাহ্‌ তায়া’লা বলছেন… 

  • যারা নিজের কাজকে যথেষ্ট মনে করে
  • যারা নিজের দল ও মতকেই একমাত্র সঠিক মনে করে
  • যারা নিজের দল ও মতের বাইরে কিছু মেনে নিতে চায় না
  • যারা নিজের দল ও মতকে কুরআন হাদীছে মানদন্ডে যাছাই করতে রাজি নয়  
  • যারা কাজ না করেও প্রশংসা কুড়াতে চায়। 

তারা জাহান্নামী। তাদের জন্য কঠিন আযাব।

 

وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (189) إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ (190) الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191) رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ (192) رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ (193) رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ (194) فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِنْ عِنْدِ اللَّهِ ۗ وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الثَّوَابِ (195)

 

কিভাবে দোয়া করলে কবুল হয় এবং কাদের দোয়া কবুল করা হয় ?

১৮৯. আসমানসমূহ এবং যমীনের সার্বিক মালিকানা আল্লাহর। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী।

 

১৯০-১৯১. নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনে শিক্ষা রয়েছে বিজ্ঞ লোকদের জন্য, যারা দাঁড়ানো বসা শায়িত তথা সর্বাবস্থায় আল্লাহর যিকর (ইবাদাত) করে, আসমান যমীনের সৃষ্টি (রহস্য) নিয়ে চিন্তা করে (এবং বলে) হে রাব্ব! তুমি কোনো কিছু-ই অহেতুক সৃষ্টি করনি, তুমি মহান, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। 


জ্ঞাতব্যঃ যিকর অর্থ স্মরণ, স্মরণিকা, আলোচনা, সমালোচনা, বাণী ইত্যাদি। আমাদের বাংলা সমাজে শব্দটিকে একটু বদলিয়ে বলা হয় যিকির বা জিকির। পবিত্র কুরআনের অনেক জায়গায় যিকর বলে আল-কুরআনকে বুঝানো হয়েছে, অনেক জায়গায় নামাযকে যিকর বলা হয়েছে। মোট কথা যিকর শব্দটি পবিত্র কুরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমনঃ আল-কুরআন, ইবাদাত, নামায, আলোচনা, সমালোচনা, স্মরণ, জ্ঞান, শারীয়াহ, জীবন বিধান, উপদেশ, ইত্যাদি।


কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ শব্দটিকে বিচ্যুত করে যিকর বলে বুঝিয়ে থাকেনঃ কোনো পীরের বানানো তরিকা অনুযায়ী বিশেষ নিয়মে এবং বিশেষ ভঙ্গিতে কিছু শব্দ জপ করা। তারা শব্দটিকে তার মূল ধারা থেকে বিচ্যুত করে অনেকটা ভিন্ন ধারায় নিয়ে যেভাবে আসল অর্থ থেকে অন্য ধারায় প্রবাহিত করছেন এটা অবশ্যই “তাহরীফ” হিসেবে গণ্য হবে। 

 

১৯২. হে রাব্ব! যাকে তুমি জাহান্নামে পাঠালে সে (চির তরে) অপদস্থ হয়ে গেল। জালিমদের সাহায্য করার কেউ নেই। 

 

১৯৩. হে রাব্ব! আমরা শোনেছিঃ একজন আহ্বানকারী ঈমানের দিকে আহ্বান করছে। (সে বলছে) তোমরা প্রভুর প্রতি ঈমান আনো, আমরা তখন ঈমান এনেছি। সুতরাং হে রাব্ব! আমাদের অপরাধসমূহ মাফ করে দাও, আমাদের পাপসমূহ মোচন করে দাও আর নেক লোকদের সঙ্গী হয়ে যেন আমাদের মরণ হয়।

 

১৯৪. হে রাব্ব! তুমি রাসূলের মাধ্যমে (ঈমানের বিনিময়ে জান্নাতের) যে প্রতিশ্রুতি দিয়েছ, এটা পূর্ণ কর, কিয়ামতের দিন আমাদের অপমানিত কর না। নিশ্চয় তুমি প্রতিশ্রুতি ভঙ্গ কর না। 

 

১৯৫. (যারা এমন হয় এবং এভাবে দোয়া করে) আল্লাহ তাদের দোয়া কবুল করেন। (তিনি বলেন) আমি তোমাদের পুরুষ-নারী; কারো আমল-ই নিস্ফল করি না। তোমরা একে অপরের অংশ। যারা হিজরত করে, (দ্বীনের জন্য) যাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করা হয় এবং আমার পথে যাদেরকে কষ্ট দেয়া হয় আর যারা (আমার তরে) মারে এবং মরে; আমি তাদের পাপসমূহ মোচন করে দেই, তাদের দান করি জান্নাত, যার তলদেশে প্রবাহির কত নহর। আল্লাহর পক্ষ থেকে এটা-ই তাদের প্রতিদান। আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম প্রতিদান।  

لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ (196) مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ (197) لَٰكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلًا مِنْ عِنْدِ اللَّهِ وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِلْأَبْرَارِ (198)

দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বনাম আখেরাতের পুরস্কার

১৯৬-১৯৭. দেশে দেশে কাফিরদের প্রভাব প্রতিপত্তি যেন তোমাকে ধোঁকায় না ফেলে। (কারণ এসব হল ক্ষণস্থায়ী দুনিয়ার) সামান্য উপকরণ। আর তাদের স্থায়ী ঠিকানা হল জাহান্নাম। এটা হল নিকৃষ্টতম আবাস। 


১৯৮. পক্ষান্তরে যারা তাদের প্রভুর তাকওয়া অর্জন করে তাদের তরে জান্নাত; যার তলদেশে প্রবাহিত কত নহর, সেখানে তারা চিরকাল থাকবে, এটা হল আল্লাহর আপ্যায়ন। সৎলোকদের জন্য আল্লাহর কাছে রয়েছে উৎকৃষ্ট পুরস্কার। 


وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا ۗأُولَٰئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۗ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ (199)


আহলে কিতাবের কিছু মানুষ ঈমান আনবে

১৯৯. নিশ্চয় আহলে কিতাবের কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, তোমাদের উপর ও তাদের উপর নাযিল কৃত বিষয়ের প্রতি ঈমান আনবে এবং এসব করবে বিনীত হয়ে শুধুই আল্লাহর (সন্তুষ্টি অর্জনের) জন্য। তারা সামান্য (দুনিয়ার) বিনিময়ে আল্লাহর বিধানকে বদলে দেবে না। তাই (যারা এমন হবে) তাদের প্রতিদান রয়েছে প্রভুর কাছে। আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী।   

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (200)


মুঅমিনের করনীয়

২০০. ওহে যারা ঈমান এনেছো (শোন! তোমরা আল্লাহর পথে) সবর করবে তথা অটল থাকবে, অবিচল থাকবে, (যুদ্ধকালীন সময়ে এবং সীমান্ত পাহারায় সদা) তৎপর থাকবে আর আল্লাহর তাকওয়া অর্জন করবে, এতে তোমরা সফল হতে পারবে। 

 

তাকওয়া ও মুত্তাক্বী পরিচিতিঃ মুত্তাক্বী শব্দটি এসেছে তাক্বওয়া থেকে আর তাক্বওয়ার মূল শব্দ বিক্বায়াহ অর্থ বেঁচে থাকা। আল্লাহর ভয়ে যাবতীয় কুফর, শিরক ও পাপাচার থেকে বেঁচে থাকার নাম তাক্বওয়া। আর যে ব্যক্তি তাক্বওয়া অর্জন করল তাকে বলা হয় মুত্তাক্বী। মুত্তাক্বী ব্যক্তি থেকে কোন পাপ হয়ে গেলে তৎক্ষণাৎ সে তাওবাহ করে এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এটা হল মুত্তাক্বীদের বৈশিষ্ট্য।   


উল্লেখ্য তাক্বওয়ার ৩টি স্তর রয়েছে। যথা.. অত্যাবশ্যকীয় তাক্বওয়া, আবশ্যক্যকীয় তাক্বওয়া এবং পরিপূর্ণ তাক্বওয়া।  


অত্যাবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় তাকওয়া হল সকল প্রকার কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। মুসলিম পুরুষ নারী সবাইকে অত্যাবশ্যকীয় ভাবে এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা কুফর শিরকে জড়িয়ে গেলে তার ঈমান বাঁচানো সম্ভব হবে না। বরং তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং সে চির জাহান্নামী মুনাফিক হয়ে যাবে। 


আবশ্যকীয় তাকওয়াঃ প্রতিটি মুঅমিনের জন্য আবশ্যকীয় তাক্বওয়া হল সকল প্রকার কাবীরাহ থেকে বেঁচে থাকা। মুঅমিন হতে হলে এবং মুঅমিন হিসেবে জীবন যাপন করতে হলে অবশ্যই এ তাকওয়া অর্জন করতে হবে। নতুবা সে ফাসিক হয়ে যাবে এবং তার আখেরাত অনিশ্চিত হয়ে যাবে। 


পরিপূর্ণ তাকওয়াঃ অর্থাৎ ছোটবড় সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকা, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। মহান আল্লাহ্-‌ই কেবল তার পছন্দের বান্দাকে এ তাওয়ার অধিকারী করতে পারেন।